Published : 08 May 2024, 12:40 PM
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্বে থাকা এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।
মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু তাহের জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
ওই ভোটকেন্দ্রে রাতেই নতুন একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার সকালে যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে।
মৃত ৫৫ বছর বয়সী মোহাম্মদ নূর উদ্দিন উপজেলার ১১ নম্বর ষাটনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বুধবার সকাল থেকে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণের জন্য তিনি সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু তাহের বলেন, “মঙ্গলবার রাত ৯টার দিকে ভোটকেন্দ্র প্রস্তুতের কাজ দেখভাল করছিলেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ নূর উদ্দিন। রাত ১২টার দিকে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। কয়েকবার বমি করার পর জ্ঞান হারিয়ে ফেলেন।
“গুরুতর অসুস্থ অবস্থায় কয়েকজন সহকর্মী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
সকালে ষাটনল গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয় জানিয়ে তিনি বলেন, “নূর উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে পরিবারের লোকজন ধারণা করছেন।”