২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় একযোগে ২০ বাড়িতে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীকে কুপিয়ে জখম

হামলায় আহত শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2024, 10:01 PM

Updated : 26 Aug 2026, 10:52 AM

কুমিল্লা নগরে সাংবাদিকের বাড়িসহ অন্তত ২০টি বাড়িতে একযোগে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। এ সময় এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে হামলাকারীরা।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের ১৫ নম্বর ওয়ার্ডের কাশারীপট্টি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম।

আহত কলেজ ছাত্র রাহাত হোসেন জয়কে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ওই এলাকার তোফায়েল আহমেদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদক কারবারিরা কাশারীপট্টি এলাকাটিকে মাদকের রুট হিসেবে ব্যবহার করেন। এ নিয়ে এলাকার লোকজন মাদক কারবারিদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় ২৫ থেকে ৩০ জনের একটি দল আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে কাশারীপট্টি এলাকায় হামলা চালায়।

হামলাকারীরা কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ও তার ছোট ভাই সময় টিভির কুমিল্লা প্রতিনিধি ইশতিয়াক আহমেদের বাড়ি, শাহ আলম, আবদুল হক, মাহবুবের গ্যারেজ, রাসেলের দোকানসহ অন্তত ২০ বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

এ সময় রাহাত হোসেন ঘর থেকে বের হলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায় হামলাকারীরা।

স্থানীয়রা অভিযোগ, নগরের মৌলভীপাড়ার জুম্মনের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। জুম্মন কুমিল্লা মহানগর যুবদলের কর্মী। তিনি মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপুর অনুসারী হিসেবে পরিচিত।

এ বিষয়ে জানতে যুবদল কর্মী জুম্মনের সঙ্গে যোগাযোগের চেষ্টার করা হলে তাকে পাওয়া যায়নি।

কুমিল্লা মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, “জুম্মন যুবদল কর্মী। তবে তিনি যদি কোনো অপরাধ করে থাকেন, তাহলে আইন অনুযায়ী তার বিচার হবে।”

রাহাতের বাবা তোফায়েল আহমেদ জানান, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে তার ছেলেকে কুপিয়ে আহত করেছে।

জয়কে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এই হামলার বিচার দাবি করেন।

ওসি মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। সেখানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়ন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।