Published : 03 Aug 2026, 07:14 PM
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ঝগড়া থামাতে যাওয়া পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের চার কনস্টেবল সদস্য আহত হয়েছেন।
রোববার মধ্যরাতে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাছিমনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাঞ্ছারামপুর থানার ওসি মোহাম্মদ ইয়াছিন।
আহতরা হলেন- বাঞ্ছারামপুর থানার কনস্টেবল মো. ফরহাদ, এমদাদুল হক, সাইফুল আলম এবং হোসনে মোবারক। তারা বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, সম্প্রতি মাছিমনগর গ্রামে হযরত শাহ রাহাত আলীর (রা.) এর বার্ষিক ওরস শুরু হয়। ওরসে স্থানীয় মনির নামের এক ব্যক্তি তার দোকানের জন্য রাজন মিয়ার জেনারেটর থেকে বিদ্যুৎ সংযোগ ভাড়া নেন।
রোববার রাতে জেনারেটরের বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে মনির ও রাজন মিয়ার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
এ নিয়ে মনির পুলিশের উপর ক্ষুব্ধ হন। পরে মনির তার লোকজন নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে চার পুলিশ সদস্য আহত হন।
ওসি মোহাম্মদ ইয়াছিন বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত মনিরসহ বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।