ফরিদপুরে খাল খননের নামে গাছ কাটার অভিযোগ, তদন্তে কমিটি
ইউএনও ওই এলাকার হেমায়েত উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে কেটে ফেলা গাছের অন্তত ৬০টি গুঁড়ি জব্দ করেন।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় খাল পুনঃখনন প্রকল্পের কাজের সময় সামাজিক বনায়নের শতাধিক গাছ কাটার অভিযোগ ওঠেছে।
এ ঘটনায় সোমবার উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ফরিদপুর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা তারিকুল ইসলাম।
তিনি বলেন, “বনবিভাগের অনুমোদন ছাড়া কোনো গাছ কাটার সুযোগ নেই। আগামী শনিবার থেকে তদন্ত কাজ শুরু হওয়ার কথা রয়েছে।”
স্থানীয়দের অভিযোগ, গুনবাহা ইউনিয়নের নদীয়ারচাঁদ এলাকায় ‘মধুমতি নদী থেকে কামারগ্রাম সুইচ গেইট পর্যন্ত’ খাল পুনঃখননের সময় খালের দুই পাড়ের প্রায় ১৫ বছর বয়সী মেহগনি ও শিশু গাছ কেটে ফেলা হয়েছে।
গাছ কাটার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের নজরে আসে। পরে রোববার রাতে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাকিবুল ইসলাম ওই এলাকার হেমায়েত উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে কেটে ফেলা গাছের অন্তত ৬০টি গুঁড়ি জব্দ করেন।
হেমায়েত উদ্দিন সামাজিক বনায়ন কমিটির সভাপতি ও নদেরচাঁদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে প্রশাসন জানিয়েছে।
ইউএনও রাকিবুল ইসলাম বলেন, সরকারি জমির গাছ কেউ ব্যক্তিগতভাবে নিতে পারবে না। নিয়ম অনুযায়ী, নিলামের মাধ্যমে এসব গাছ বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হয়। অবৈধভাবে গাছ কাটা হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
২০১২-১৩ অর্থবছরে বনবিভাগের সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ওই এলাকায় প্রায় ১০ হাজার গাছ রোপণ করা হয়। স্থানীয়দের অভিযোগ, খাল খননের অজুহাতে অন্তত দুই শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। পরে কাটা গাছ সরিয়ে নেওয়া হয়েছে বলেও তারা অভিযোগ করেন।
অভিযোগ রয়েছে, বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি ও গুনবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলামের অনুসারীরা গাছ কাটার সঙ্গে জড়িত।
তবে সিরাজুল ইসলাম অভিযোগ অস্বীকার করে ফেইসবুকে দেওয়া এক পোস্টে বলেন, খাল খনন প্রকল্পের সঙ্গে তিনি যুক্ত থাকলেও গাছ কাটার ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই।
‘রাজনৈতিক কারণে’ তাকে এর সঙ্গে জড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
বোয়ালমারী উপজেলা বন কর্মকর্তা দীন মোহাম্মদ মোল্লা বলেন, “খাল ও খালপাড়ের গাছ পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। খননকাজের প্রয়োজনে কিছু ক্ষেত্রে গাছ অপসারণের দরকার হতে পারে, তবে নিয়মের বাইরে কোনো কাজ গ্রহণযোগ্য নয়।”
