১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মোটরসাইকেল রাখা নিয়ে তর্কে ছাত্রদল নেতার ওপর হামলা

“তারা আমাকে লাঠি দি‌য়ে পি‌টি‌য়ে ও কিল-ঘু‌ষি মে‌রে গুরুতর আহত ক‌রে। পুলিশ আমাকে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে ভ‌র্তি করে।”

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2025, 10:42 AM

Updated : 26 Aug 2026, 05:17 PM

গোপালগ‌ঞ্জের একটি পার্কে মোটরসাইকেল রাখা নিয়ে বিতণ্ডার জেরে জেলা ছাত্রদ‌লের সভাপ‌তি ওপর হামলা হয়েছে।

বুধবার সন্ধ্যা ৭টার দি‌কে সদর উপ‌জেলার বড় ডুমরাশুর গ্রামের ‘সাভানা ই‌কোপার্ক ও রি‌সো‌র্টের’ মেইন গে‌টের সাম‌নে এ ঘটনা ঘটে।

সদর উপজেলার ‌ বৌলতলী পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের প‌রিদর্শক আফজাল হো‌সেন জানান, মিকাইল হো‌সে‌নকে (৩২) গোপালগঞ্জ জেনারেল হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রা হয়েছে।

ঘটনার বর্ণনায় মিকাইল বলেন, “বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়ে বিএন‌পি ম‌নো‌নীত প্রার্থী কে এম বাব‌রের নির্বাচনী জনসভায় গি‌য়ে‌ছি‌লেন। সেখান থে‌কে ৫টার দি‌কে ক‌য়েকজনের সঙ্গে সাভানা পার্কে বেড়াতে যাই। তখন সাভানা পা‌র্কের এক স্টা‌ফের সঙ্গে পা‌র্কের ভেত‌রে মোটরসাই‌কেল রাখা নিয়ে বাকবিতণ্ডা হয়।

“প‌রে পা‌র্কের ম্যানেজার সহ অন্যান্যরা বিষয়‌টি মীমাংসা ক‌রে দেন। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দি‌কে পার্ক থে‌কে বের হ‌ওয়ার সময় কয়েকজন ব্যক্তি আমার ওপর অত‌র্কিত হামলা চালায়। তারা আমাকে লাঠি দি‌য়ে পি‌টি‌য়ে ও কিল-ঘু‌ষি মে‌রে গুরুতর আহত ক‌রে। খবর পে‌য়ে পুলিশ আমাকে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে ভ‌র্তি করে।”

প‌রিদর্শক আফজাল হো‌সেন বলেন, “পা‌র্কের এক স্টা‌ফের সা‌থে বাকবিতণ্ডার এক পর্যা‌য়ে ছাত্রদ‌লের সভাপ‌তির সঙ্গে থাকা এক যুবক ওই স্টাফ‌কে থাপ্পড় মা‌রেন। প‌রে মিকাইল পার্ক থে‌কে বের হ‌ওয়ার সময় স্থানীয় লোকজন ও পা‌র্কের স্টাফরা তার ওপর হামলা ক‌রে।”

বৃহস্পতিবার সকাল পর্যন্ত ছাত্রদল নেতা মিকাইলের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।