Published : 14 Sep 2026, 11:49 AM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুর উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনুদ্দিন খান জানান, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে একজন এবং রোববার রাত সাড়ে ৮টার দিকে আরেকজনের মৃত্যু হয়।
মৃতরা হলেন-জেলার ভালুকা উপজেলার রাশিদা খাতুন (৪২) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার জাফর আলী (৭০)।
হাসপাতালের সহকারী পরিচালক মাইনুদ্দিন বলেন, রাশিদা খাতুন ডেঙ্গুর উপসর্গ নিয়ে ১১ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন। রোববার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
অন্যদিকে জাফর আলী ডেঙ্গুর উপসর্গ নিয়ে ১৩ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।
চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২ হাজার ১৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
মাইনুদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ৫৫ জন ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৫৮ জন।
বর্তমানে ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে ১৩১ জন রোগী ভর্তি রয়েছেন।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই।