৫ দিন ইন্টারনেটবিহীন বরিশালে যা যা ঘটল
“মঙ্গলবার বরিশাল জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। কোথাও কোনো সমস্যা চোখে পড়েনি। তাই কারফিউ শিথিলতার সময় বাড়ানো হয়েছে।”
সারাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে লাগাতার সহিংসতার পর একপর্যায়ে বন্ধ হয়ে যায় ইন্টারনেট। এরপর থেকে বরিশাল নগরীসহ জেলা-উপজেলায় তেমন কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।
১৯ জুলাই বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের ২০ জন আহত হন।
বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর জানান, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গাজী নইমুল হোসেন লিটুসহ পাঁচজন আহত হয়েছেন।
এদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন জানিয়েছেন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার ও যুবদল নেতা মো. রিপনসহ ১৫ জনকে কুপিয়ে জখম করা হয়েছে।
এর মধ্যে পাঁচজন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা বিভিন্ন স্থানে গিয়ে চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি।
এরপর শুক্রবার বিকালে নগরীর ফজুলল হক অ্যাভিনিউ সড়কে শান্তি সমাবেশ করা হয়। সাধারণ নগরবাসীর ব্যানারে বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওই দিন বিকালে পৃথকভাবে নগরীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল মহড়া দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম অনুসারীরা।
একইভাবে মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে নেতাকর্মীরা মহড়া দিয়েছেন।
এ ছাড়া নগরীর মোড়ে মোড়ে পুলিশের সঙ্গে অবস্থান নেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নগরীতে টহল দেয় বিজিবি।
শুক্রবার বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটাবিরোধী আন্দোলন করা শিক্ষার্থীরা।
ওই দিন সন্ধ্যা ৭টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু শিক্ষার্থীরা হল ছাড়েননি।
এরপর রাত ২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামিয়ে আবাসিক হল খালি করা হয়। হল থেকে বের করে দেওয়ার পর শিক্ষার্থীরা আশপাশের বাসাবাড়ি ও মেসে আশ্রয় নেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আব্দুল কাইউম জানিয়েছেন, প্রশাসনের সহায়তা ছাড়াই সব হল থেকে ৩০০/৩৫০ শিক্ষার্থীদের বের করে খালি করা হয়। পরে হলগুলো সিলগালা করে দেওয়া হয়েছে।
শুক্রবার রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়। এরপর থেকে নগরীর নিয়ন্ত্রণ নেয় পুলিশ, র্যাব ও বিজিবি।
এরপর শনিবার সেনাবাহিনীর তিনটি কোম্পানির ৩৫০ সদস্য নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল কলেজে অবস্থান নেন। বিকাল থেকে নগরীতে টহল শুরু করে সেনাবাহিনী।
শনিবার দুপুরে কারফিউ শিথিলের সময় নগরীর সদর রোডে মিছিল করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। দলটির বরিশাল জেলার সমন্বয়ক মনীষা চক্রবর্তীর নেতৃত্বে পাঁচ নেতাকর্মী মিছিল ও কালো ব্যাজ বিতরণ করে।
পরে পুলিশ তাদের কার্যালয়ে যেতে বাধ্য করে। দেশব্যাপী হতাহতের প্রতিবাদে মিছিল করে কালোব্যাজ বিতরণ করা হয় বলে জানান মনীষা।
মঙ্গলবার বিকালে বরিশাল মহানগর পুলিশের স্টাফ অফিসার সহকারী কমিশনার প্রণয় রায় জানিয়েছেন, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংস ঘটনায় মহানগর পুলিশের চার থানায় পুলিশ বাদী হয়ে চারটি মামলা করেছে।
তিনি বলেন, “এ ছাড়া এক ব্যক্তি বাদী হয়ে একটি মামলা করেন। মোট পাঁচটি মামলায় নামধারী ৩৫ জন এবং অজ্ঞাতনামা দুই হাজার ৭৮০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার বিকাল পর্যন্ত ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”
বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানিয়েছেন, তার ১০ থানা এলাকা থেকে গত দুই দিনে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকেরগঞ্জ থানায় করা একটি নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি বলেন, নাশকতার ঘটনায় বরিশাল মহানগর ও জেলার থানায় দায়ের করা মোট ছয়টি মামলায় ১০৩ জন এজাহারভুক্ত ও তিন হাজার ৬০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এদিকে, কুয়াকাটায় আটকেপড়া দেড় শতাধিক পর্যটককে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার দুপুরে চারটি বাসে সেনা প্রহরায় তাদের বরিশাল নগরীসহ জেলা এলাকা পার করে দেওয়া হয়েছে।
বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার অংচিং মারমা জানান, কুয়াকাটায় আটকেপড়া পর্যটকদের চারটি বাসে করে বরিশালের অংশ পার করে দেওয়া হয়েছে। পর্যটক বহনকারী চারটি বাস বরিশালের লেবুখালী সেতু থেকে তাদের নিয়ে যায়। পর্যটকবাহী বহর তারা বরিশাল জেলা অংশ পর্যন্ত পৌঁছে দেবেন।
তিনি বলেন, সেখান থেকে সংশ্লিষ্ট জেলায় থাকা সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা দিয়ে ঢাকায় পৌঁছে দেবে। পর্যটকরা ঢাকা, সিলেট, খুলনাসহ দেশের বিভিন্ন শহর থেকে বিভিন্ন সময় কুয়াকাটায় এসেছিলেন।
সহকারী কমিশনার অংচিং মারমা বলেন, কুয়াকাটা থেকে তিনটি সাকুর পরিবহনের ও একটি গ্রিনলাইন পরিবহনের বাসে ফিরে গেছেন সবাই।
মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করে বলেন, হল থেকে বের করে দেওয়ার পর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার বিভিন্ন বাসাবাড়ি ও মেসে রয়েছেন। অজ্ঞাত শিক্ষার্থীদের বিরুদ্ধে মহানগর পুলিশের বন্দর থানায় মামলা হয়েছে।
তিনি বলেন, খবর চাউর হয়, যেকোনো সময় বাসাবাড়ি ও মেসে অভিযান করা হবে। গ্রেপ্তার আতঙ্কে তারা নিরাপদ বোধ করছেন না। বর্তমানে কারফিউ থাকায় তেমন একটা যানবাহন চলাচল করছে না। তাই ঝুঁকি নিয়ে বের হওয়ার সাহসও নেই শিক্ষার্থীদের।
অপর এক শিক্ষার্থী বলেন, মোবাইল ব্যাংকিং বন্ধ, বিশ্ববিদ্যালয়ের আশপাশের খাবার দোকান ও হোটেল বন্ধ রয়েছে। খাবারের ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে।
আরেক শিক্ষার্থী বলেন, “আমরা কোথাও বের হতে পারছি না। সব সময় হামলা ও গ্রেপ্তারের আতঙ্কে রয়েছি। তাই আমাদের সবার দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যানবাহনে নিরাপদে বাড়ি পৌঁছে দিক।”
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বদরুদ্দোজা ভুইয়া প্রক্টর অধ্যাপক আব্দুল কাইউমের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
প্রক্টর আব্দুল কাইউম বলেন, তাদের সময় দেওয়া হয়েছিল। তারা ওই সময় ফিরে যায়নি। এখন তাদের করার কিছু নেই।
বুধবার থেকে বরিশাল নগরীসহ জেলায় কারফিউ শিথিলতার সময় তিন ঘণ্টা করে বাড়ানো হয়।
মঙ্গলবার বিকালে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘড়াই জানান, মঙ্গলবার বরিশাল জেলায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা এবং মহানগরীতে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিলতার সময় ছিল। এই সময় বাড়িয়ে জেলায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা ও মহানগরীতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা করা হয়েছে।
বরিশাল জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেন, “বরিশাল নগরীসহ জেলায় স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। মঙ্গলবার বরিশাল জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। কোথাও কোনো সমস্যা চোখে পড়েনি। তাই কারফিউ শিথিলতার সময় বাড়ানো হয়েছে।”
