২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে নিখোঁজ প্রবাসীর লাশ মিলল রেললাইনের পাশে

তিনি তিন মাস আগে সিংগাপুর থেকে ছুটিতে এসেছিলেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2025, 12:29 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

নরসিংদীর পলাশ উপজেলায় নিখোঁজ প্রবাসী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার ঘোড়াশাল টানস্টেশনের রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে ভৈরব রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. নাজিমুদ্দিন জানান।

নিহত গণি মিয়া (৩০) ঘোড়াশাল পৌরসভার আঁটিয়াগাঁও মহল্লার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি তিন মাস আগে সিংগাপুর থেকে ছুটিতে এসেছিলেন। কয়েক দিন পর তার ফেরত যাওয়ার কথা ছিল।

নিহতের বড় ভাই মনির হোসেন জানান, শুক্রবার দিবাগত রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন গণি মিয়া। তার খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে পুলিশে অবহিত করা হয়। 

সকালে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে গণি মিয়াকে শনাক্ত করেন। তার গলা ও হাত বিচ্ছিন্ন ছিল। 

মনির হোসেন অভিযোগ করেন, “ভাইকে কেউ হত্যা করে লাশ রেললাইনের পাশে ফেলে রেখেছে।” 

ভৈরব রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাজিমুদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে জানা যাবে, এটি হত্যা না আত্মহত্যা।