Published : 25 Jul 2026, 07:01 PM
রংপুরের গঙ্গাচড়ায় বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই নারীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খলেয়া ইউনিয়নের পূর্ব খলেয়া রথবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর।
নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা বাবুপাড়া গ্রামের দুলাল সরকারের স্ত্রী রাধা রানী সরকার (৪০) এবং দ্বিজেন্দ্র নাথ সরকারের স্ত্রী অঞ্জনা রানী সরকার (৫০)।
আহত মোটরসাইকেল চালক অজিত চন্দ্র সরকার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি আব্দুস ছবুর বলেন, শুক্রবার রাতে নীলফামারীর জলঢাকা থেকে বালুবাহী একটি ট্রাক রংপুরের পাগলাপীরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই নারী মারা যান; আহত হন চালকও।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। সেইসঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়। তবে দুর্ঘটনার পর ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে যান।
ওসি বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা হয়েছে।