টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২
“ঘটনাস্থলেই অটোরিকশা চালক হাসেনের মৃত্যু হয়।”
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রোববার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনাসেতু মহাসড়কের পাথাইলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে যমুনাসেতু পূর্ব থানার এসআই আতিকুর রহমান জানান।
নিহতরা হলেন-উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলা গ্রামের ছাকু মণ্ডলের ছেলে অটোরিকশা চালক হাসেন আলী (৫৫) ও একই এলাকার মো. লালমিয়ার ছেলে সবুজ (১৩)
স্থানীয়দের বরাতে এসআই বলেন, “এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ভাবলা গ্রামের দিকে যাচ্ছিল। পথে অটোরিকশাটি যমুনাসেতু মহাসড়কে উঠলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস অটোরিকশরাটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
“এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক হাসেনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সবুজের মত্যু হয়।”
আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে বলে এসআই আতিকুর রহমান জানান।
