নারায়ণগঞ্জে ‘মাদকাসক্ত’ ছেলের হাতে বাবা খুন
এ ছাড়া সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ‘মাদকাসক্ত’ ছেলের হাতুড়ির আঘাতে এক কৃষকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শুক্রবার দুপুরে উপজেলার বিশনন্দী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আড়াইহাজার থানার ওসি নাসির উদ্দিন।
নিহত মো. মাহবুব (৫৫) ওই এলাকার প্রয়াত আব্দুল বারেক। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের ছেলে মো. ইয়াসিন (২৩) ঘটনার পর থেকে পলাতক আছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রবাসে থাকা অবস্থায় ইয়াসিন মাদকাসক্ত হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি মানসিক ভারসাম্যহীন হারিয়ে ফেলেন। পরে দেশে ফিরে বাবার সঙ্গে কৃষিকাজে যুক্ত হন। তবে ইয়াসিনের সঙ্গে পরিবারের সদস্যদের কলহ লেগেই থাকত।
সম্প্রতি ইয়াসিন বাবার কাছে একটি মোটরসাইকেল কেনার বায়না ধরেন। এতে রাজি না হওয়ায় শুক্রবার দুপুরে বাবা-ছেলের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ইয়াসিন হাতুড়ি দিয়ে বাবার মাথায় আঘাত করেন।
পরিবারের লোকজন মাহবুবকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ-১০০ শয্যা জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়।
ওসি নাসির উদ্দিন বলেন, ঘটনার পর থেকে ইয়াসিন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে ইয়াসিনকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করা হচ্ছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
নারায়ণগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ সদর উপজেলায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক বাসস্ট্যান্ড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম।
নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর। তবে তার নাম-পরিচয় এখনও পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ।
ওসি শাহিনুর আলম বলেন, মৃতদেহের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। ভোরে কোনো গাড়ি চাপায় তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হয়েছে।
মৃতদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এটি দুর্ঘটনা না হত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
নিহতের পরিচয় শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
