২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক

জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনায় নিহতের এক ছেলে আহত হয়েছেন বলে জানায় পুলিশ।

নাটোরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক
নাটোরের নলডাঙ্গায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার পর নিহতের স্বজনদের আহাজারি।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2025, 07:21 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

নাটোরের নলডাঙ্গা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন নিহতের এক ছেলে। এ ঘটনায় নিহতের ভাতিজাকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার নশরতপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নলডাঙ্গার থানার ওসি মো. রফিকুল ইসলাম। 

নিহত খালেদা বেগম (৪৫) ওই এলাকার মো. আব্দুল বারেকের স্ত্রী। আহত সেলিম হোসেন (২৩) আব্দুল বারেকের ছেলে।

আটক মো. মেহেদী হাসান (২২) একই এলাকার মো. আব্দুল খালেকের ছেলে।

ওসি রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আব্দুল খালেকের সঙ্গে তার ভাই আব্দুল বারেকের বিরোধ চলছিল। শনিবার দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। 

“এরই জেরে দুপুরে মেহেদী তার চাচার বাড়িতে ঢুকে হাসুয়া দিয়ে চাচি খালেদা এবং চাচাতো ভাই সেলিমকে কুপিয়ে জখম করেন।”

তাৎক্ষণিক স্বজনরা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক খালেদা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত সেলিম সেখানে চিকিৎসাধীন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মেহেদীকে আটক করে। খালেদার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনেরা থানায় আসলে মামলা করা হবে বলে জানান ওসি রফিকুল ইসলাম।