গোপালগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের চিকিৎসা কর্মকর্তা শেখ মোহাম্মদ আসাদুজ্জামান জানান, তিনজনকেই হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে ভাই-বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার সাদুল্লাহপুর ইউনিয়নের পূর্ব নৈয়ারবাড়ি এবং হিরণ ইউনিয়নের দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে বলে কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান।
নিহতরা হল- পূর্ব নৈয়ারবাড়ি গ্রামের পংকজ জয়ধরের ছেলে কলেজ শিক্ষার্থী সজল জয়ধর (২০), তার চাচা শংকর জয়ধরের মেয়ে অনুশূয়া জয়ধর (৬) এবং দক্ষিণ হিরণ গ্রামের এনায়েত শেখের ছেলে ইছাহাক শেখ (৪)।
সজল জয়ধরের ভগ্নিপতি কিশোর রায় সাংবাদিকদের বলেন, সজল জয়ধর চাচাত বোন অনুসূয়াকে ঘাড়ে নিয়ে বাড়ির পাশের পুকুরে সাঁতার কাটছিলেন। মাঝ পুকুরে গিয়ে সে দম হারিয়ে ফেলে।
এসময় অনুসূয়া তার ঘাড় থেকে পড়ে পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে সজলও পানিতে ডুবে যায়।
পরে পরিবারের সদস্যরা জাল টেনে তাদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে যায়। চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে কোটালীপাড়া থানার এসআই আল আমিন বলেন, দক্ষিণ হিরণ গ্রামের বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিল ইছাহাক। কোনো এক সময় সে পুকুরের পড়ে যায়। তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের চিকিৎসা কর্মকর্তা শেখ মোহাম্মদ আসাদুজ্জামান জানান, তিনজনকেই হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। সন্ধ্যার পর তিনজনের মরদেহ পুলিশ নিয়ে যায়।
কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
