কোটাবিরোধী আন্দোলন: ফের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
আন্দোলনে অংশ নেওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কয়েকজন ছাত্রী বলেন, তারা মেয়ে হলেও সরকারি চাকরিতে নারী কোটা চান না।
সরকারি চাকরিতে নিয়োগে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহালসহ চার দফা দাবিতে কুমিল্লায় ফের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ, জেলার বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়। সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে এই অবরোধে অংশ নেয় শিক্ষার্থীরা।
রোববার বিকাল ৪টার দিকে মহাসড়কের সদর দক্ষিণের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় শুরু হওয়া অবরোধ কর্মসূচি সন্ধ্যা এ প্রতিবেদন লেখার সময়ও ছিল।
এদিকে, অবরোধের কারণে মহাসড়কের উভয়দিকে অন্তত ১০ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সড়ক ব্যবহারকারী যানবাহনের চালক ও যাত্রীরা।
আন্দোলনে অংশ নেওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাবেয়া ভূঁইয়া অন্তু, কাজী সানজিদাসহ বেশ কয়েকজন জানান, তারা মেয়ে হলেও সরকারি চাকরিতে কোটা চান না।
তারা বলেন, মেয়েরা এখন মেধায় অগ্রসর। বিশ্ববিদ্যালয়েও মেয়েদের আসন ছেলেদের প্রায় সমান। উচ্চ শিক্ষায়ও মেয়েদের সংখ্যা বেশি। এত বেশি কোটা থাকা বৈষম্যমূলক। তাই কোটা পদ্ধতি তারা বাতিল চান।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মাহিন উদ্দিন বলেন, “আমার বয়স ১৯। এ বছর গুচ্ছে পরীক্ষা দিয়ে মেধা তালিকায় কিছুটা পেছনে ছিলাম। কোটা না থাকলে অনায়াসে একটি সাবজেক্ট পেয়ে যেতাম। কোটার কারণে সাবেজেক্ট পাইনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েও একই ঘটনার মুখোমুখি হয়েছি। তাই কোটা নয়, মেধার মূল্যায়ন চাই।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিফাত হোসেনের ভাষ্য, “সারাদেশে মুক্তিযোদ্ধা এক শতাংশও নেই। তাই ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা থাকতে পারে না। কোটার কারণে মেধাবীরা জীবনের প্রতিটি পদক্ষেপে বৈষম্যের শিকার হচ্ছেন। একটি দেশ এভাবে চলতে পারে না। কোটা বাতিলের এই আন্দোলন আরও তীব্র হোক দাবি না মানা পর্যন্ত।”
এদিকে, একই দাবিতে কুমিল্লা নগরীর পূবালী চত্বর দখল করে আন্দোলন করছেন শিক্ষার্থীদের একাংশ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বিকাল ৩টায় এ আন্দোলন শুরু হয়।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, “শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে হাইওয়ে পুলিশ। আমাদের পাশাপাশি জেলা পুলিশ ও জেলা প্রশাসনও কাজ করছে। কিন্তু শিক্ষার্থীরা মহাসড়ক ছাড়ছেন না।”
ওসি আরও বলেন, “অবরোধের কারণে মহাসড়কের দুই দিকেই তীব্র যানজট লেগেছে। আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।”
ওসি ইকবাল বাহার রাতে বলেন, “রাত ৮টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে যায়। দীর্ঘ সময় অবরোধের কারণে মহাসড়কের দুই দিকেই তীব্র যানজটের সৃষ্টি হয়। রাত ৮টা থেকে যান চলাচল কিছুটা স্বাভাবিক। তবে দীর্ঘ জট লাগায় ধীরগতিতে যান চলাচল করছে। চলাচল পুরোপুরি স্বাভাবিক করতে আমরা কাজ করছি।”
এর আগেও গত ৪ জুলাই একই স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে চার দফা দাবি জানিয়ে অবরোধ তুলে নেন তারা।
গত শুক্রবার কোনো কর্মসূচি না থাকলেও শনিবার রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।
