লিবিয়ার বন্দিশালায় নির্যাতনে মাদারীপুরের দুজনের মৃত্যু, পরিবারে আহাজারি
“ছেলের মুখের দিকে চাইয়ে আমি অনেক কষ্ট করে ২০ লাখ টাকা দালাল হাবিব মাস্টারের কাছে দিই।”
অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে লিবিয়ায় বন্দিশালায় দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক মারা গেছে বলে পরিবারের কাছে খবর এসেছে।
২৫ মার্চ খবর আসার পর থেকে এসব পরিবারে চলছে শোকের মাতম। তারা স্বজনের মরদেহ ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন।
যাদের মারা যাওয়ার খবর পরিবার পেয়েছে তারা হলেন- কালকিনি উপজেলার দক্ষিণ জনারদন্দি এলাকার কালাম হাওলাদারের ছেলে ইলিয়াস হাওলাদার (২৫) এবং ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের বিনতিলুক এলাকার প্রয়াত সেকেন হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার (৩৫)।
প্রথমে তাদের মৃত্যুর বিষয়টি দালালরা গোপন রাখে। ইলিয়াসের পরিবার সরাসরি দালালের কাছ থেকে তার মৃত্যুর খবর পেয়েছে। আর লিবিয়ায় বন্দিশালায় আটকে থাকা লোকজনের মাধ্যমে ফারুকের মৃত্যুর খবর এসেছে।
পরিবার জানায়, উন্নত জীবনের আশায় প্রায় তিন বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে গিয়েছিলেন ইলিয়াস। সেখান থেকে বাংলাদেশি এক দালালের প্রলোভনে পড়ে অবৈধ পথে ইতালি যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। পরে গত বছরের অগাস্টের শুরুতে ইউরোপের উদ্দেশে কাতার থেকে দালালের সহযোগিতায় লিবিয়ায় পৌঁছান ইলিয়াস।
সেখানকার একটি বন্দিশালায় ইলিয়াসকে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে পরিবারের কাছ থেকে কয়েক দফায় ২০ লাখ টাকা হাতিয়ে নেন দালাল চক্রের সদস্যরা।
২৩ মার্চ ওই বন্দিশালায় দালালের নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে মারা যান ইলিয়াস। পরে স্থানীয় এক দালালের মাধ্যমে ইলিয়াসের মৃত্যুর খবর পায় পরিবার। এর পর থেকে পরিবারের চলছে মাতম।
রোববার দুপুরে ইলিয়াসের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের বড় ছেলেকে হারিয়ে অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েছেন ইলিয়াসের বাবা কালাম হাওলাদার ও মা রানু বেগম। ইলিয়াসের দুই বছর বয়সী এক ছেলে আছে। বাবা যে আর কখনও ফিরবে না, সেটা বুঝতে পারছে না অবুঝ শিশুটি। ইলিয়াসের স্ত্রী বীথিও কাঁদছিলেন।
কালাম হাওলাদার বলছিলেন, “আমার দুই ছেলে। দুজনই কাতারে থাকত। ওখানেই ভালো ছিল। বড় ছেলে ইলিয়াস আমাদের কাউকে কিছু না জানিয়ে নিজের সিদ্ধান্তে ইতালি যাওয়ার উদ্দেশে লিবিয়া যায়। লিবিয়াতে যাওয়ার পরে আমরা জানতে পারি। ছেলের মুখের দিকে চাইয়ে আমি অনেক কষ্ট করে ২০ লাখ টাকা দালাল হাবিব মাস্টারের কাছে দিই। তবু আমার ছেলেডা মরে গেল।”
তিনি বলেন, “ঘটনার পর শুক্রবার ঢাকায় দালাল আমাদের নিয়ে বসেছে। তিনি আমার ছেলের লাশ দেশে ফিরিয়ে এনে দেওয়ার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে ক্ষতিপূরণও দেবেন বলেছেন। তবে সেটা কবে দেবেন, তা সঠিকভাবে জানান নাই।”
ইলিয়াসের স্ত্রী বীথি আক্তার বলেন, “আমার স্বামীকে ওরা নির্যাতন করে হত্যা করে ফেলল। এই হত্যার বিচার কী কোনদিনে পাব না। আমার দুই বছর বয়সী দুধের শিশুকে নিয়ে আমি কিভাবে বাঁচব, তার কোনো দিশা খুঁজে পাচ্ছি না। সরকার যেন আমার স্বামীর লাশটা দেশে এনে দেয়। এটাই আমার চাওয়া।”
ইলিয়াসের পরিবার ও এলাকার লোকজন জানান, হাবিব মাস্টার ওরফে হাবিবুর রহমান খন্দকারের বাড়ি ডাসার উপজেলার দক্ষিণ গোপালপুর এলাকায়। তিনি একটি মাদ্রাসার সাবেক শিক্ষক। দীর্ঘদিন ধরে এই পেশায় জড়িত থাকলেও পুলিশের ধরাছোঁয়ার বাইরে আছেন।
স্থানীয়দের দাবি, হাবিবের মাধ্যমে যাওয়া কালকিনি ও ডাসার উপজেলার অনেকেই লিবিয়ার বন্দিশালায় আটকে আছেন এবং প্রতিনিয়ত তাদের নির্যাতন করা হচ্ছে।
এ বিষয়ে বক্তব্যের জন্য হাবিবুর রহমান খন্দকারের বাড়িতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যরা এ নিয়ে কথা বলতে রাজি হননি।
ডাসার উপজেলার বিনতিলুক এলাকার বাসিন্দা ফারুক হাওলাদার লিবিয়ার বন্দিশালায় দালালের নির্যাতনে মারা গেছেন ১৮ মার্চ। পরিবার ফারুকের মৃত্যুর খবর পেয়েছে ২৫ মার্চ।
ফারুকের পরিবার জানায়, বাংলাদেশে ফারুক রাজমিস্ত্রির কাজ করতেন। তিনি উন্নত জীবনের আশায় চার মাস আগে স্থানীয় দালাল হাবিবুর রহমানের মাধ্যমে সৌদি আরব হয়ে লিবিয়ায় পৌঁছান। পরে তাকে একটি বন্দিশালায় আটক রেখে তার পরিবারের কাছ থেকে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। তাকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে নেওয়ার কথা থাকলেও নির্যাতন করে মেরে ফেলা হয়েছে।
বিকালে ফারুকের বাড়ি গিয়ে দেখা যায়, একটি ভাঙাচোরা টিনশেড ঘরে পরিবার থাকে। মা মালেকা বেগম, স্ত্রী লাবণী আক্তার ছাড়াও ফারুকের এক ছেলে ও এক মেয়ে আছে। ফারুকের এমন মৃত্যুতে তার পরিবারসহ প্রতিবেশীরাও শোকাহত।
ফারুকের মা মালেকা বেগম বলেন, “গেম ঘরে (বন্দিশালা) কী থেকে কী হইছে জানি না। আমার ছেলেডা আর বাঁইচা নাই। ওরে ছাড়া ক্যামনে বাঁচমু? ওর ছোট্ট দুই ছেলেমেয়ে, ওরাও অবুঝ। ওগের কী হবে? কে দ্যাখব? আমরা গরিব মানুষ।”
ফারুকের স্ত্রী লাবনী আক্তার বলেন, “আমার স্বামীকে নির্যাতন করে লিবিয়ার গেম ঘরে হত্যা করা হয়েছে। আমি আমার স্বামীর লাশটাকে দেখতে চাই। তাকে এই দেশের মাটিতে রাখতে চাই। সরকার আমার স্বামীর লাশটা যেন দেশে নিয়ে আসার ব্যবস্থা করে। এটাই আমার একমাত্রা দাবি এখন।”
এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, “লিবিয়ার বন্দিশালায় দুই যুবকের মৃত্যুর ঘটনায় থানায় এখনও কোনো মামলা হয়নি। তবে নিহত ব্যক্তিদের পরিবার থানায় অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।”
এ ছাড়া দালালদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।
