২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে সমাবেশের আগে নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ বিএনপির

১০ দফা দাবিতে শনিবার ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এই সমাবেশ হবে।

ময়মনসিংহে সমাবেশের আগে নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ বিএনপির

শুক্রবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিএনপি।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2023, 02:53 PM

Updated : 03 Feb 2023, 02:53 PM

ময়মনসিংহে বিভাগীয় সমাবেশের আগে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

সমাবেশের আগের দিন শুক্রবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, নেতাকর্মীদের মুক্তি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে শনিবার দুপুরে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এই সমাবেশ হবে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, “বিভাগীয় সমাবেশকে বানচাল করতে আমাদের দলের অন্তত ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার, নির্যাতন, হয়রানি করে কোনোভাবেই আন্দোলন-সংগ্রামকে দমন করা যাবে না।”

যদি গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশের মানুষের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকে তাহলে নির্যাতন-নীপিড়ন বন্ধ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি নেতা বলেন, “সবশেষ উপ-নির্বাচনের মতো আওয়ামী লীগ মার্কা নির্বাচন করতে চাইলে বুমেরাং হবে। এটা ২০১৪ সাল নয়, এটা ২০১৮ সালও নয়।”

প্রিন্স আরও বলেন, “জনগণ এই সরকারের দমন-নিপীড়ন, অগণতান্ত্রিক শাসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের প্রতিবাদে জনগণ আজ জেগে উঠেছে।”

সংবাদ সম্মেলনে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগরের আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ উত্তর জেলার আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার উপস্থিত ছিলেন।