২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বাড়ছে হাম, হাসপাতালে শয্যা সংকট, উদ্বিগ্ন স্বজনেরা

হামের উপসর্গ নিয়ে এক দিনে ১৮ শিশু হাসপাতালে ভর্তি, এখন পর্যন্ত মোট ৯২ শিশু এ রোগে আক্রান্ত হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2026, 03:05 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে শিশু ভর্তির সংখ্যা বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে বিশেষ ইউনিট চালু করা হলেও দেখা দিয়েছে শয্যা সংকট।

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের ৪৮টি বিছানার মধ্যে ৬টিতে হামে আক্রান্ত শিশুদের জন্য নির্ধারণ করা হয়। পরে রোগীর সংখ্যা বাড়তে থাকায় ১২টি করা হয়। 

পাশাপাশি জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডেও খোলা হয়েছে আলাদা ইউনিট। তবে এতেও সামাল দেওয়া যাচ্ছে না রোগীর চাপ। অনেক শিশুকে ফ্লোরে রেখেই চিকিৎসা দিতে হচ্ছে।

সোমবার জেলা সিভিল সার্জন এ কে এম মোফাখখারুল ইসলাম বলেন, হামের উপসর্গ নিয়ে এক দিনে ১৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৯২ শিশু এ রোগে আক্রান্ত হয়েছে।

এর মধ্যে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন, সিংগাইর উপজেলা হাসপাতালে আটজন, ঘিওর উপজেলা হাসপাতালে নয়জন, সাটুরিয়া উপজেলা হাসপাতালে নয়জন, মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঁচজন, দৌলতপুর উপজেলা হাসপাতালে পাঁচজন, শিবালয় উপজেলা হাসপাতালে নয়জন, হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চারজন চিকিৎসা নিয়েছেন।

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, হামের উপসর্গ নিয়ে শিশুদের ভর্তি করা হচ্ছে। 

হাসপাতালের বিভাগীয় প্রধান মেরীনা সুলতানা বলেন, “প্রতিদিনই নতুন রোগী ভর্তি হওয়ায় ফ্লোরেও কিছু রোগী থাকছেন। চিকিৎসাসেবা চালিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।”

অভিভাবকরা হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা ও আক্রান্ত শিশুদের জন্য উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন। 

সিংগাইরের গোবিন্দল এলাকার নুপুর বলেন, “সন্তানের হামের উপসর্গ নিয়ে দুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছে। রাতের বেলা নার্সরা ডাকলেও আসেন না।”

তানজিনা নামে আরেক অভিভাবক বলেন, হাসপাতালে ছেলেকে গায়ে র‍্যাশ, জ্বর, ঠাণ্ডা নিয়ে ভর্তি করান। এখন কিছুটা উন্নতি হয়েছে।

হাম নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। হামের লক্ষণ দেখা দিলে শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।