১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফ্রেমে ফ্রেমে ২০২২

পদ্মা সেতু খুলল, মেট্রোরেল চলল, এমন আনন্দের ঘটনার সঙ্গে বিএম ডিপোতে অগ্নিকাণ্ড, করতোয়ায় নৌকাডুবির মতো নিরানন্দের ঘটনারও সাক্ষী ২০২২ সাল। ছবির ফ্রেমে আনন্দ-বেদনার সেই কাব্যগাথা।

মোস্তাফিজুর রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2023, 07:47 AM

Updated : 01 Jan 2023, 07:56 AM

Image

০১ জানুয়ারি ২০২২: মহামারীর মধ্যেও বছরের প্রথম দিন নতুন বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয় সরকার। সেই বই হাতে পেয়ে উচ্ছ্বসিত মুন্সীগঞ্জের সিরাজদিখানের গয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Image

০১ জানুয়ারি ২০২২: নতুন ঠিকানায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যাত্রা শুরু। শুরুর পর থেকে ২৫ বার বাণিজ্য মেলা হয়েছিল শেরেবাংলা নগরে,  ২৬তম আসর বসে পূর্বাচলে নবনির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি)। এখন থেকে এখানেই হবে মাসব্যাপী এই মেলা।

Image

০৭ জানুয়ারি ২০২২: মহামারীর মধ্যে বাধ্যবাধকতার কারণে বাংলাদেশের প্রবাসী কর্মীদের ফ্লাইটে ওঠার আগে কোভিড পরীক্ষার জন্য বিমানবন্দরে পাঁচ থেকে ১০ ঘণ্টা আগে হাজির হতে হয়েছিল, তখন তাদের ভোগান্তির শেষ ছিল না।

Image

১৭ জানুয়ারি ২০২২: সেলিনা হায়াৎ আইভীর এই আনন্দ টানা তৃতীয়বার ভোটে জেতার। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে আবার মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের এই প্রার্থী।

Image

২০ জানুয়ারি ২০২২: ‘মাসুদ রানা’কে রেখে বিদায় নিলেন কাজী আনোয়ার হোসেন। বাংলাদেশের স্পাই থ্রিলার জগতে জনপ্রিয়তম চরিত্রের এই স্রষ্টাবে বিদায় জানানো হলো শ্রদ্ধা আর ভালবাসায়।

Image

২৩ জানুয়ারি ২০২২: মহামারীর মধ্যে ইউক্রেইন যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে নামিয়ে এনেছে মন্দার ভাব, তাতে দ্রব্যমূল্য গেছে চড়ে। চড়া বাজারে কম দামে পণ্য পেতে ঢাকায় টিসিবির একটি ট্রাক থেকে পণ্য কিনতে দেখা গিয়েছিল এমন যুদ্ধ।

Image

৩০ জানুয়ারি ২০২২: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনও হয়ে উঠেছিল ‘সিনেম্যাটিক’। ফল ঘোষণার পরদিন সংবাদ সম্মেলনে এসে টাকা ছড়ানোর অভিযোগ তোলেন সাধারণ সম্পাদক পদের পরাজিত প্রার্থী অভিনেত্রী নিপুণ আক্তার। পরে তাকে ভোটে বিজয়ী ঘোষণা করা হয়। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জায়েদ খান আদালতে গেলে বাধে জট, যা এথনও খোলেনি।

Image

৩১ জানুয়ারি ২০২২: বিতর্কিত ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দুটি লকার ভাঙা হয়। এই সময় উপস্থিত ছিলেন আদালতের নির্দেশে গঠিত ইভ্যালির পরিচালনা পর্ষদের সদস্যরা।

Image

৩১ জানুয়ারি ২০২২: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ এবং বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসির রায় দেয় কক্সবাজারের আদালত। ২০২০ সালের ৩১ জুলাই রাতে মেরিন ড্রাইভে এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা। তাকে হত্যা করে ‘বন্দুকযুদ্ধের ঘটনা’ হিসেবে চালাতে চেয়েছিলেন ওসি প্রদীপ।

Image

০১ ফেব্রুয়ারি ২০২২: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোভিড টিকার বুস্টার ডোজ নিতে ঢাকার মহাখালীতে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে। সরকারের নির্বাহী আদেশে কারাগার থেকে মুক্তি পেয়ে বাসায় রয়েছেন তিনি।

Image

০৭ ফেব্রুয়ারি ২০২২: চট্টগ্রাম বন্দর থেকে প্রথম বারের মতো একটি কনটেইনারবাহী জাহাজ তৈরি পোশাক নিয়ে ইতালির রাভিনা বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে। এটাই সরাসরি ইউরোপের পধে বাংলাদেশে থেকে তৈরি পোশাকের প্রথম চালান।

Image

২২ ফেব্রুয়ারি ২০২২: ওমিক্রনের দাপট শেষে কমেছে উদ্বেগ; এক মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হয় দেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা ক্লাসে ফেরে আনন্দ নিয়ে, শিক্ষক- অভিভাবকরাও ফেলেন স্বস্তির শ্বাস।

Image

২৩ ফেব্রুয়ারি ২০২২: মহামারীর পর যুদ্ধের চাপ বাজারে। বাড়তে বাড়তে প্রতি লিটার সয়াবিন তেল খুচরায় ১৮০ থেকে ১৯০ টাকায় ঠেকে। নিম্ন আয়ের মানুষের পক্ষে এই দামে এক লিটার  তেল কেনা ছিল খুবই কষ্টের। তাই রাজধানীর বিজয় সরণির রেলওয়ে মার্কেটে ১৮ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছিল ১০০ গ্রাম তেল।

Image

২৭ ফেব্রুয়ারি ২০২২: কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন শপথ নেন, শপথ পড়ান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এই ইসিই দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজন করবে।

Image

২৭ ফেব্রুয়ারি ২০২২: যুদ্ধের মধ্যে সীমান্ত পেরিয়ে পোল্যান্ডে আশ্রয় নেওয়ার জন্য ইউক্রেইনের ক্রাকোভেৎস সীমান্ত লাইনে অপেক্ষায় কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থীসহ অনেকেই।

Image

০৯ মার্চ ২০২২: ইউক্রেইনে যুদ্ধের মধ্যে গোলা পড়েছিল বাংলাদেশের জাহাজ বাংলার সমৃদ্ধি। জাহাজের ২৮ নাবিক ও প্রকৌশলী রোমানিয়া হয়ে দেশে ফিরলেও রকেট হামলায় নিহত সহকর্মী হাদিসুর রহমানের লাশ তখন ইউক্রেইনেই রেখে আসতে হয়। পরে লাশটি দেশে আসে।

Image

১১ মার্চ ২০২২: যুদ্ধের বাজারে সয়াবিন তেল হয়ে উঠেছিল সোনার হরিণ। কেউ কিনতে চাইলে দোকানিরা এ নামেই ডাকছেন তেলকে। দামও বেড়ে যাওয়ায় হরহামেশাই হচ্ছিল চুরিও। দলেবেঁধে ক্রেতা সেজে তেল চুরি করছিল কয়েকটি চক্র। এ কারণে রাজধানীর কারওয়ান বাজারের খুচরা দোকানে সয়াবিন তেলের বোতল বেঁধে রাখা হয় লোহার শেকল দিয়ে।

Image

১৪ মার্চ ২০২২: ইউক্রেইনে যুদ্ধের মধ্যে বন্দরে আটকেপড়া জাহাজ বাংলার সমৃদ্ধিতে রকেট হামলায় নিহত প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ দেশে পৌঁছে।

Image

১৫ মার্চ ২০২২:সাত বছর আগে পুরান ঢাকার হোসাইনী দালানে আশুরার সমাবেশে বোমা হামলার ঘটনায় নিষিদ্ধ জঙ্গি দল জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবির দুই সদস্যকে ১০ ও ৭ বছরের কারাদণ্ড দেয় আদালত। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ মামলার রায়ে বাকি ছয় আসামিকে খালাস দেন।

Image

২০ মার্চ ২০২২: নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে সিটি গ্রুপের মালিকানাধীন একটি মালবাহী জাহাজের ধাক্কায় ডুবে যায় যাত্রীবাহী লঞ্চ এমএল আশরাফ উদ্দিন-২। এ দুর্ঘটনায় কমপক্ষে ১০ যাত্রী নিহত হন।

Image

২৪ মার্চ ২০২২: শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় এলোপাতাড়ি গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম নিহত হন। সে সময় ঘটনাস্থলে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফরিন ওরফে প্রীতিও গুলিবিদ্ধ হয়ে মারা যান।

Image

১৪ এপ্রিল ২০২২:মহামারীর মন্দ সময় পেরিয়ে জীবনের চেনা ছন্দে ফেরে বাংলাদেশ, দু’বছর পর বাংলা বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা বের হয় বদলে যাওয়া পথে।

Image

২০ এপ্রিল ২০২২: ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে দোকান মালিক ও কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় নিউ মার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় দুজন পথচারী নিহত হন।

Image

২৪ এপ্রিল ২০২২: ঢাকার কলাবাগানের তেঁতুল তলা মাঠ রক্ষার আন্দোলনকারী সৈয়দা রত্না ও তার ছেলে প্রিয়াংশুকে রোববার দিনভর আটকে রাখার পর মধ্যরাতে ছেড়ে দেয় কলাবাগান থানা পুলিশ। পরে সেই মাঠে থানা ভবনের কাজ বন্ধ হয়।

Image

২৯ এপ্রিল ২০২২: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৮৮ বছর বয়সে মারা যান। গত বছর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

Image

১৮ মে ২০২২:উজানের ঢল ও টানা বৃষ্টিতে কয়েকটি নদ-নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে পাঁচ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত করার পাশাপাশি সিলেট নগরীতেও ঢুকে পড়ে পানি, সড়কে তখন নৌকা চলতে দেখা যায়।

Image

২২ মে ২০২২: দুর্নীতি মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত পুরান ঢাকার সংসদ সদস্য হাজি মো. সেলিম আত্মসমর্পণ করার পর জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠায় আদালত।

Image

২৮ মে ২০২২: একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর মরদেহ লন্ডন থেকে দেশে পৌঁছানোর পরই জাতীয় পতাকায় আবৃত করা হয় কফিন, জানানো হয় শ্রদ্ধা। এই লেখক-সাংবাদিক ৮৮ বছর বয়সে ১৯ মে মারা যান।

Image

০৫ জুন ২০২২: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার টার্মিনালে আগুন লাগার পর মৃত্যুপুরীতে পরিণত হয় পুরো  এলাকা।  ডিপোতে রাসায়নিক থাকায় দফায় দফায় বিস্ফোরণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। এ দুর্ঘটনায় দমকলকর্মীসহ অর্ধশত ব্যক্তি প্রাণ হারান।

Image

০৮ জুন ২০২২: প্রায় অর্ধশত মানুষের প্রাণ কেড়ে নিয়ে, বিপুল ধ্বংসযজ্ঞ ঘটিয়ে, ৮৬ ঘণ্টা পর পুরোপুরি নিভে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর আগুন।

Image

১০ জুন ২০২২: বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে ডেঙ্গু রোগী বাড়তে শুরু করে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বড়দের সঙ্গে সঙ্গে শিশুদেরও ভর্তি হতে দেখা যায় মুগদা হাসপাতালে।

Image

২৫ জুন ২০২২: খুলল পদ্মা সেতুর দ্বার, দক্ষিণাঞ্চল যুক্ত হল রাজধানীর সঙ্গে সড়ক পথে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সিগঞ্জ জেলার মাওয়া প্রান্তে বহু প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করেন।

Image

২৫ জুন ২০২২:পদ্মা সেতু উদ্বোধনের পর মাওয়া প্রান্তের টোল প্লাজায় টোল দিয়ে সেতু অতিক্রম করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Image

২৫ জুন ২০২২: পদ্মা সেতু উদ্বোধনের পর সেতুর দুই প্রান্তে ঢল নামে মানুষের। সকালে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ঝড়ের বেগে সেতুতে উঠে পড়ে অগুনতি মানুষ। দুপুরের পরে জাজিরা প্রান্তেও দেখা যায় একই চিত্র। পরে অনেক চেষ্টায় তাদের বুঝিয়ে নামিয়ে আনা হয়। 

Image

২৬ জুন ২০২২: উদ্বোধনের পরদিন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় পদ্মা সেতু; আর তার পরই দেখা যায় বিশৃঙ্খলা। সেতুর উপরে গাড়ি থামানো, হাঁটা কিংবা ছবি তোলা নিষিদ্ধ থাকলেও প্রথম দিনের চিত্র ছিল পুরোই উল্টো।

Image

২৬ জুন ২০২২:পদ্মা সেতুতে যান চলাচল শুরুর প্রথম দিন সন্ধ্যায় জাজিরা প্রান্তের টোলপ্লাজায় অপেক্ষায় থাকা গাড়ির সারি আরও দীর্ঘ করে সাত মিনিটের বিদ্যুৎ বিভ্রাট। বেপরোয়া বাইকারদের কারণে এদিন রাত থেকে পদ্মা সেতুতে নিষিদ্ধও করা হয় বাইক চলাচল।

Image

০২ জুলাই ২০২২: সুনামগঞ্জে বন্যার পানি কমে আসলেও বেড়েছে দুর্ভোগ। ভেঙে যাওয়া সেতু আর  ডুবে যাওয়া রাস্তায় পানি ভেঙেই চলাচল করতে হয় মানুষকে। কাজ নেই খেটে খাওয়া মানুষের, অন্যের দেওয়া সহায়তা কিংবা ত্রাণের জন্য তাদের অপেক্ষা করতে হয়। দুর্গত এলাকায় দেখা দেয় খাদ্যের সংকট।

Image

১৯ জুলাই ২০২২: করোনাভাইরাস পরীক্ষা নিয়ে জালিয়াতির দায়ে জেকেজি হেলথকেয়ারের সিইও আরিফুল হক চৌধুরী, তার স্ত্রী ডা. সাবরিনা চৌধুরীসহ আট আসামির সবাইকে ১১ বছরের কারাদণ্ড দেয় আদালত।

Image

০৫ অগাস্ট ২০২২: জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণার পর ঢাকার তেজগাঁও এলাকার একটি ফিলিং স্টেশনে তেল নিতে মোটরসাইকেল চালকদের ভিড়।

Image

১৫ অগাস্ট ২০২২: ঢাকার উত্তরায় জসিম উদ্দীন সড়কে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডারের নিচে চাপা পড়ে একটি প্রাইভেটকার। এতে গাড়িতে থাকা দুই শিশুসহ পাঁচজন নিহত ও দুইজন আহত হয়।

Image

১৭ অগাস্ট ২০২২: বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ও বিপদসংকুল পর্বতশৃঙ্গ ‘কে টু’ জয় করার পর দেশে ফিরে সংবাদ সম্মেলনে দুই মাসের কারাকোরাম অভিযানের রোমাঞ্চকর অভিজ্ঞতা তুলে ধরেন ওয়াসফিয়া নাজরীন।

Image

২১ সেপ্টেম্বর ২০২২: নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ দলের ছাদ খোলা বাসের শোভাযাত্রায় পথে পথে ছিল সমর্থকদের প্রাণখোলা অভিবাদন। আনন্দ উল্লাসের এ জয়যাত্রায় হাত নেড়ে, পতাকা উড়িয়ে, ফুল ছিটিয়ে, বিজয় চিহ্ন দেখিয়ে সমর্থকদের ভালোবাসায় সাড়া দেন বিজয়ী নারী ফুটবলাররা।

Image

২৬ সেপ্টেম্বর ২০২২: পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে তীর্থযাত্রীদের নৌকাডুবির ঘটনা ঘটে। নদীর অপর পাড়ে বরদেশ্বরী মন্দিরে মহালয়ার উৎসবে যাওয়ার পথে ঘটে এ দুর্ঘটনা; যাতে মৃত হয় ৭১ জনের।

Image

০৪ অক্টোবর ২০২২: জাতীয় সঞ্চালন লাইনে ত্রুটির কারণে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুৎ চলে যায়। জাতীয় গ্রিডে বিপর্যয়ের পর ৮ ঘণ্টা অন্ধকারে ছিল দেশের অর্ধেক এলাকা।

Image

১৫ অক্টোবর ২০২২: ঢাকায় ‘সুমনের গান’ আয়োজনে গাইতে আসেন ভারতের বাংলা গানের জনপ্রিয় শিল্পী কবীর সুমন। তিন দিন গান গেয়ে শোনান তিনি।

Image

ঢাকার নিউ মার্কেট এলাকায় বলাকা সিনেমা হলের সামনে মঙ্গলবার দুপুর থেকে টিসিবির ট্রাকে বিক্রি হয় চিনি।

Image

০১ নভেম্বর ২০২২: ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত প্রায় ৩১ কিলোমিটার রেলপথে পরীক্ষামূলকভাবে চলল ‘ট্র্যাক কার’। ‘গ্যাংকার’ নামে পরিচিত এই রেল ইঞ্জিনকে পদ্মা সেতুর দক্ষিণে জাজিরার ভায়াডাক্টে পৌঁছাতে লাগে প্রায় দুই ঘণ্টা।

Image

০৮ নভেম্বর ২০২২: জানাজার আগে ছেলের লাশের সামনে কান্নায় ভেঙে পড়েন বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের বাবা নূর উদ্দিন রানা। নিখোঁজের ৩ দিন পর শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায় এই বুয়েটছাত্রের লাশ।

Image

০৮ নভেম্বর ২০২২: ঋণ নিয়ে আলোচনা করতে ঢাকায় অবস্থানরত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে। ডলার সংকটের সময়ে আইএমএফের এই ঋণ পেতে মুখিয়ে ছিল সরকার। 

Image

২০ নভেম্বর ২০২২: ‘পুলিশের চোখে স্প্রে মেরে’ মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি পালিয়ে যাওয়ার পর আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়।

Image

৩০ নভেম্বর ২০২২:  বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা বড় পর্দায় দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের মাঠ বুধবার মধ্যরাতে ছিল কানায় কানায় পূর্ণ। এই ছবি ফিফারও নজর কাড়ে।

Image

০৭ ডিসেম্বর ২০২২:বিভাগীয় সমাবেশ সামনে রেখে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় ঢাকার নয়া পল্টন। এই সংঘর্ষে একজন নিহত হন। 

Image

১১ ডিসেম্বর ২০২২: সরকার পতনের আন্দোলনের ঘোষণা দিয়ে সংসদ থেকে বিএনপির পদত্যাগ। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র দিয়ে সংসদ ভবন থেকে বের হয়ে আসেন বিএনপির পাঁচ সংসদ সদস্য।

Image

১৮ ডিসেম্বর ২০২২: ১৯৮৬ সালের পর প্রথম বিশ্বকাপ শিরোপা আর্জেন্টিনার; অবসান ঘটল ৩৬ বছরের দীর্ঘ প্রতীক্ষার। কাতারে মেসি বাহিনীর জয়ে ঢাকায় ভক্তদের বিজয়োল্লাস।

Image

২৪ ডিসেম্বর ২০২২: বাংলাদেশ আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন কমিটিতে শেখ হাসিনার সঙ্গে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান ওবায়দুল কাদের। তিনিও টানা তৃতীয় মেয়াদে এই দায়িত্বে।

Image

২৮ ডিসেম্বর ২০২২: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল; মেট্রোরেলের যুগে প্রবেশ হল বাংলাদেশের। ঢাকার প্রথম মেট্রোরেলের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে টিকেট কেটে তিনিই হন এ বৈদ্যুতিক ট্রেনের প্রথম যাত্রী। উত্তরা উত্তর স্টেশন থেকে মেট্রোরেলে চড়ে এলেন আগারগাঁওয়ে।