সিডনিতে সাড়ে ৩০০ বাংলাদেশি চিকিৎসকের বৈজ্ঞানিক সম্মেলন
বাংলাদেশে জরুরি চিকিৎসাসেবা উন্নয়নের ওপর গুরুত্বারোপ।
অস্ট্রেলিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যে কর্মরত সাড়ে তিন শতাধিক চিকিৎসকের অংশগ্রহণে সিডনিতে অনুষ্ঠিত হয়েছে ‘ফেডারেশন অব বাংলাদেশ মেডিকেল সোসাইটিজ অব অস্ট্রেলিয়া’ (এফবিএমএসএ)-র বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক সিম্পোজিয়াম ২০২৬।
শনি ও রোববার পেনরিথের ওয়েস্টার্ন সিডনি কনভেনশন সেন্টারে দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি চিকিৎসাবিজ্ঞানের চর্চা, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং পারিবারিক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা শিল্পী ও কলাকুশলীদের পাশাপাশি সংগীতশিল্পী নকীব খানের সংগীতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। প্রায় ছয় শতাধিক চিকিৎসক ও তাদের পরিবার-পরিজন এই উদ্বোধনী মুহূর্ত উপভোগ করেন।
পরদিন রোববার নিবন্ধন ও অধিবেশনের মাধ্যমে মূল বৈজ্ঞানিক সিম্পোজিয়ামের কাজ শুরু হয়। সম্মেলনের প্রধান উপদেষ্টা জেসি চৌধুরী, আহ্বায়ক ফাইজুর রেজা (ইমন) এবং সহ-আহ্বায়ক ইকবাল হোসেন ও শেখ হায়দার তপু আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
এসময় বক্তব্য দেন এফবিএমএসএ সভাপতি এম. মোশাররফ হোসেন খান এবং বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলসের সভাপতি মেহেদী ফারহান।
অধিবেশন পরিচালনা করেন এফবিএমএসএ সাধারণ সম্পাদক আবুল জালাল আহমেদ এবং বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলসের সাধারণ সম্পাদক রোকেয়া ফকির (কেয়া)। বক্তব্য দেন নিউ সাউথ ওয়েলসের মন্ত্রী জিহাদ ডিব, অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম. বুরহানউদ্দিন, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এফ. এম. সিদ্দিকী এবং অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের নিউ সাউথ ওয়েলস শাখার সভাপতি ফ্রেড বেট্রোস।
সম্মেলনে মাজহার হক এফবিএমএসএ-এর যাত্রা ও স্মৃতিচারণ নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন। এরপর চিকিৎসাক্ষেত্রে অবদানের জন্য চিকিৎসকদের হাতে ‘এফবিএমএসএ প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড ২০২৬’ তুলে দেওয়া হয়।
দিনব্যাপী অনুষ্ঠিত বৈজ্ঞানিক অধিবেশনগুলোর সমন্বয় করেন এফবিএমএসএ শিক্ষা সম্পাদক আকবর আশরাফী এবং বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলসের শিক্ষা সম্পাদক মিহির রায়।
সম্মেলনে জুনিয়র চিকিৎসক ও আন্তর্জাতিক মেডিকেল গ্র্যাজুয়েটদের পেশাগত দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি হৃদরোগ, ক্যান্সার চিকিৎসায় ইমিউনোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া, আলঝেইমার্স রোগে ডোনানেমাব, রিউমাটোলজি, আরএসভি টিকাদান, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার, মেনোপজ এবং শিশুদের স্নায়ুবিক বিকাশজনিত নানা জটিল সমস্যা ও চিকিৎসা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপিত হয়।
সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল এফবিএমএসএ-এর বার্ষিক সাধারণ সভা এবং স্মারক সাময়িকী ‘এলিক্সির’-এর মোড়ক উন্মোচন। এছাড়া বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে চিকিৎসা সহায়তার ভবিষ্যৎ নিয়ে প্যানেল আলোচনায় বক্তারা বাংলাদেশে জরুরি চিকিৎসাসেবায় উন্নতি, জেনারেল প্র্যাকটিসের প্রসার এবং ঠোঁট ও তালু কাটা রোগীদের চিকিৎসায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেন।
