কুয়েত বিমানবন্দরে মাদকসহ বাংলাদেশি যাত্রী গ্রেপ্তারের খবর
বাংলাদেশ থেকে আসা ওই যাত্রীর আচরণে সন্দেহ হলে তাকে তল্লাশির আওতায় আনা হয়।
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৫-এ তল্লাশি চালিয়ে মাদক ও মানসিকভাবে প্রভাব বিস্তারকারী ওষুধসহ এক বাংলাদেশি যাত্রীকে গ্রেপ্তার করেছে দেশটির বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। তবে তার নাম বা পুরো পরিচয় জানা যায়নি।
সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সাধারণ কাস্টমস কর্তৃপক্ষ (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস)।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘আরব টাইমস’-এর প্রতিবেদনে জানানো হয়, কাস্টমস কর্তৃপক্ষের অনুসন্ধান ও তদন্ত বিষয়ক উপ-পরিচালক সালেহ মোহাম্মদ আল-ওমরের উপস্থিতি ও তত্ত্বাবধানে বিমানবন্দরে এ অভিযান পরিচালিত হয়।
বাংলাদেশ থেকে কুয়েতে পৌঁছানো ওই যাত্রীর চলাফেরা ও আচরণে সন্দেহ হলে বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা তাকে তল্লাশির আওতায় আনেন। পরবর্তীতে তার সঙ্গে থাকা বিভিন্ন ব্যাগ তল্লাশি করে ৪ দশমিক ৭৫ কেজি গাঁজা, ৩১৯ দশমিক ৩ গ্রাম ক্রিস্টাল মেথ (মেথঅ্যামফিটামিন) এবং ৬ হাজার ২১১টি একস্ট্যাসি ট্যাবলেট জব্দ করা হয়।
কাস্টমস সূত্র জানায়, উদ্ধারকৃত এসব ট্যাবলেট মানবদেহে মানসিকভাবে ক্ষতিকর প্রভাব বিস্তারকারী উপাদান হিসেবে চিহ্নিত।
ঘটনার পরপরই আটককৃত বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে প্রয়োজনীয় কাস্টমস ও প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর জব্দ করা মাদকদ্রব্যসহ তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য কুয়েতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (জেনারেল ডিপার্টমেন্ট ফর নারকোটিকস কন্ট্রোল অ্যান্ড অ্যালকোহল) কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার পর কাস্টমস কর্তৃপক্ষ জানায়, দেশের জননিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সীমান্ত ও বিমানবন্দরসহ প্রতিটি প্রবেশপথে নজরদারি বহাল রাখা হয়েছে এবং মাদক চোরাচালান প্রতিরোধে কুয়েত সরকার জিরো টলারেন্স নীতি বজায় রাখবে।
