০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

পরিবার নিয়ে সৌদি আরবে যাওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা

কী আছে সৌদি আরবের নতুন ভিসা নীতিতে

মিজানুর রহমান বাবু, সৌদি আরব থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 01:32 PM

Updated : 07 Oct 2026, 01:32 PM

দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়ায় সংস্কার এনেছে সৌদি আরব। এখন থেকে আকামা বা ওয়ার্ক ভিসা প্রক্রিয়া চলাকালেই পরিবারের সদস্যদের সৌদি আরবে নিয়ে আসার সুযোগ পাবেন এ শ্রেণির অভিবাসীরা।

মঙ্গলবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া একটি বিজ্ঞপ্তির বরাতে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম ‘গালফ নিউজ’ এবং সংযুক্ত আরব আমিরাতের দৈনিক ‘খালিজ টাইমস’ এ সংবাদ প্রকাশ করেছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত দেশে বসবাসরত বিদেশি নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করা এবং বহির্বিশ্ব থেকে যোগ্য ও উচ্চদক্ষ পেশাজীবীদের সৌদি আরবে আগমন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করাই এ পদক্ষেপের প্রধান উদ্দেশ্য।

নতুন এ নীতিমালার আওতায় একজন দক্ষ বিদেশি কর্মী তার নিজ কাজের ভিসার আবেদন প্রক্রিয়াকরণের সময়েই পরিবারের নির্দিষ্ট সদস্যদের জন্য এন্ট্রি ভিসার আবেদন নিশ্চিত করতে পারবেন। এতে অন্তর্ভুক্ত থাকবেন কর্মীর স্ত্রী বা স্বামী, ২৫ বছরের কম বয়সি সন্তান এবং অবিবাহিত মেয়েরা।

এর আগে নিয়ম অনুযায়ী একজন অভিবাসী কর্মীকে সৌদি আরবে গিয়ে নিজের ওয়ার্ক ভিসা ও রেসিডেন্স পারমিটের প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ করার পর পরিবারের জন্য আলাদাভাবে আবেদন করতে হতো। নতুন সিদ্ধান্তের ফলে কর্মী ও তার পরিবার একই সঙ্গে দেশটিতে প্রবেশের সুবিধা পাবেন, যার ফলে দীর্ঘমেয়াদি অপেক্ষার অবসান ঘটবে।

পরিবারের সদস্যরা সৌদি আরবে পৌঁছানোর পর দেশটির প্রচলিত আইন ও নির্দেশনা অনুযায়ী তাদের স্থায়ী রেসিডেন্স পারমিট বা আকামার আনুষঙ্গিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। পেশাদারদের সৌদি আরবে আকৃষ্ট করতে এবং পুনর্বাসন প্রক্রিয়া চাপমুক্ত রাখতে এটিকে একটি ‘মাইলফলক’ হিসেবে দেখছেন অভিবাসন বিশেষজ্ঞরা।