আটলান্টিক সিটির কাউন্সিলম্যান হলেন বাংলাদেশি মামুন
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৬তম ব্যাচের ছাত্র ছিলেন, পড়াশোনা করেছেন রাজনীতি বিজ্ঞানে।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশি-আমেরিকান মো. মোমিনুল হক মামুন।
বুধবার এ ওয়ার্ডে প্রথম বাংলাদেশি-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে শপথ নেন তিনি।
মামুনের বাড়ি কুমিল্লায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৬তম ব্যাচের ছাত্র ছিলেন, পড়াশোনা করেছেন রাজনীতি বিজ্ঞানে।
৫৩ বছর বয়সী মামুন ২০০৮ সালে অভিবাসীর মর্যাদায় যুক্তরাষ্ট্রে আসেন। বর্তমানে তিনি আটলান্টিক কাউন্টি গভর্নমেন্টের অধীনে কাজ করছেন।
‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির’ সদস্য মো. মোমিনুল হক মামুন বলেন, “কাউন্সিলম্যান হিসেবে বাংলাদেশিসহ অন্য সব কমিউনিটির লোকজনের সার্বিক কল্যাণে কাজ করবো। নতুন দায়িত্ব যাতে সৎ, নিষ্ঠা ও যোগ্যতার সঙ্গে পালন করতে পারি সেজন্য সবার সহযোগিতা চাই।”
মামুনের শপথ নেওয়ার পরই সিটি হলে অতিথি হিসেবে আসা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান, সাধারণ সম্পাদক সোহেল আহমদ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী অভিনন্দন জানান।
