বন্যার্তদের জন্য মালদ্বীপে বাংলাদেশি সাংবাদিকদের অনুদান
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এ অনুদান দেয় ‘মালদ্বীপ-বাংলা প্রেস ক্লাব’।
বাংলাদেশে বন্যার্তদের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দিয়েছে মালদ্বীপে প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘মালদ্বীপ-বাংলা প্রেস ক্লাব’।
বৃহস্পতিবার ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) মানি ট্রান্সফারের স্লিপ দেশটিতে নিযুক্ত বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজের হাতে তুলে দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি মো. এমরান হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক খোন্দকার, যুগ্ম সম্পাদক আবদুল্লাহ কাদের, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম এবং কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন রাজু।
ওমর ফারুক বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশের সরকারের পরিবর্তন হয়েছে, দেশ এখনও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। এ অবস্থায় বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের আঘাত এসেছে। বন্যার্ত মানুষের সহযোগিতায় আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে ছোট্ট এই প্রচেষ্টা মাত্র।”
বন্যার্তদের জন্য অনুদান দেওয়ায় মালদ্বীপ-বাংলা প্রেস ক্লাবের সাংবাদিকদের ধন্যবাদ জানান মিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ। একইসঙ্গে মালদ্বীপে অবস্থানরত প্রবাসীদের বন্যাকবলিত এলাকার মানুষের সহযোগিতায় এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
