২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বক্তারা স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ করেন।

নিউ ইয়র্কে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বক্তব্য দিচ্ছেন আব্দুল লতিফ সম্রাট।

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 05:25 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন যুক্তরাষ্ট্রে দলটির প্রবাসী নেতা-কর্মী ও সমর্থকরা। 

দিনটি উপলক্ষ্যে সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে একটি পার্টি সেন্টারে সমাবেশ করেন তারা। 

যুক্তরাষ্ট্র যুবদল ও ছাত্রদলের ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি, জাসাস, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও মুক্তিযোদ্ধা দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশের সভাপতিত্ব করেন যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম এ বাতিন। সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি মাজহারুল ইসলাম জনি। 

প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট।

তিনি বলেন, “সমগ্র প্রবাসের গণতন্ত্রপন্থিরা অধীর আগ্রহে রয়েছেন বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সত্যিকারের একটি পার্লামেন্ট প্রতিষ্ঠার জন্য। গত ১৭ বছরের পরিপূরক সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রবাস বিএনপি নেতা-কর্মীরাও সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন।”

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ফোবানার নবনির্বাচিত চেয়ারপারসন গিয়াস আহমেদ বলেন, “গণতন্ত্রের জন্য প্রবাসীদের অপরিসীম ত্যাগের স্বীকৃতি হিসেবে জাতীয় সংসদে সুযোগ দিতে হবে। বিশ্বের উন্নত দেশের অভিজ্ঞতাকে আমরা প্রিয় মাতৃভূমির কল্যাণে ব্যয় করতে চাই। এটাই প্রতিষ্ঠাবার্ষিকীতে সব প্রবাসীর প্রত্যাশা।”

অতিথি হিসেবে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট বাবরউদ্দিন, মো. সুরুজ্জামান, ব্রঙ্কস কম্যুনিটি বোর্ডে ইমিগ্রেশন বিষয়ক চেয়ারপারসন শেখ শাহজাহান, নিউ ইয়র্ক সিটি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সোরহাব হোসেন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক মহিলা সম্পাদক সৈয়দা মাহমুদা শিরিন ও যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য-সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি। বক্তারা স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ করেন।