২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ ঐক্যের আহ্বান নিউ ইয়র্ক স্টেট বিএনপির

“ইউনূস-তারেকের বৈঠকের ফলাফলের ওপর প্রবাসী বিএনপির আন্দোলন নির্ভর করছে।”

‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ ঐক্যের আহ্বান নিউ ইয়র্ক স্টেট বিএনপির
বক্তব্য দিচ্ছেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান।

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2025, 10:02 AM

Updated : 26 Aug 2026, 01:10 PM

‘গণতন্ত্র পুনরুদ্ধার’ এবং জাতীয় নির্বাচনের দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির নেতারা। 

নিজেদের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এক কর্মীসভায় এ আহ্বান জানান তারা।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ।

সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি জসিম উদ্দিন বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে একটি স্পষ্ট রূপরেখা দিতে হবে ইউনূসকে। তা না হলে জাতিসংঘ, হোয়াইট হাউজ ও স্টেট ডিপার্টমেন্টের সামনে বিক্ষোভের মতো কর্মসূচি নিতে বাধ্য হবে প্রবাসী নেতাকর্মীরা।

“আমরা সোচ্চার থাকব ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তফসিল ঘোষিত না হলে,” যোগ করেন জসিম।

সভায় আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রইচ উদ্দিন, সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী, বদরুল হক আজাদ, হুমায়ুন কবীর, দেওয়ান কাউসার, মো. আশরাফ হোসেন, আনিসুর রহমান, নীরা রাব্বানী, মশিউর রহমান, কাজী আসাদউল্লাহ, আলামিন সুমন, তাজুল ইসলাম ও মইনুদ্দিন।

নেতারা বলেন, “বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরবর্তী আন্দোলনের কৌশল নির্ধারিত হবে। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের ফলাফলের ওপর প্রবাসী বিএনপির আন্দোলন নির্ভর করছে।”

সভাপতির সমাপনী বক্তব্যে অলিউল্লাহ আতিকুর রহমান বলেন, “গত ১৬ বছর ধরে যেভাবে সবাই ঐক্যবদ্ধ থেকেছেন, সামনের দিনগুলোতেও গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সে ঐক্য ধরে রাখতে হবে।”