২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সের পৌরসভা নির্বাচনে লড়ছেন ৭ বাংলাদেশি প্রার্থী

ভোটারদের মন জয় করতে তারা তুলে ধরছেন নানা প্রতিশ্রুতি ও উন্নয়ন পরিকল্পনা।

ফ্রান্সের পৌরসভা নির্বাচনে লড়ছেন ৭ বাংলাদেশি প্রার্থী
ঘড়ির কাঁটার দিকে- এনকে নয়ন, রাব্বানী খান, আকাশ বড়ুয়া, আব্দুস সামাদ, নাসির উদ্দীন ভূঁইয়া, জুবাইদ আহমেদ ও সরুফ সোদিওল।

বিডিনিউজ২৪

এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2026, 01:28 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

ফ্রান্সে এখন বইছে নির্বাচনী হাওয়া। আগামী ১৫ ও ২২ মার্চ দুই দফায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির পৌরসভা (মিউনিসিপাল) নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্যানেলভুক্ত হয়ে প্রার্থীরা এখন ব্যস্ত সময় পার করছেন প্রচারণা ও জনসংযোগে। 

ভোটারদের মন জয় করতে তারা তুলে ধরছেন নানা প্রতিশ্রুতি ও উন্নয়ন পরিকল্পনা। এবারের নির্বাচনে প্যারিস ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী।

সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয় নির্বাচনে এই অংশগ্রহণ ফরাসি সমাজের মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের সম্পৃক্ততা বাড়াবে। বাংলাদেশিরা এখন শুধু অভিবাসী হিসেবে নয়, বরং নীতিনির্ধারণী পর্যায়েও সক্রিয় ভূমিকা রাখতে যাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় কাউন্সিলে বাংলাদেশি প্রতিনিধি থাকলে শিক্ষা, আবাসন, কর্মসংস্থান ও সাংস্কৃতিক ক্ষেত্রে কমিউনিটির সমস্যাগুলো সরাসরি কর্তৃপক্ষের কাছে তুলে ধরা সম্ভব হবে।

নির্বাচনী লড়াইয়ে যারা আছেন:

এনকে নয়ন: সমাজকর্মী ও রাজনীতিক এনকে নয়ন ইল-দু-ফ্রঁস অঞ্চলের ভিন্যু-সুর-সেইন এলাকা থেকে প্রার্থী হয়েছেন। তিনি লড়ছেন বামপন্থী রাজনৈতিক দল ‘লা ফ্রঁস আনসুমি’ (এলএফআই) সমর্থিত ‘ভিন্যু সলিদেয়ার এ পপুলেয়ার’ প্যানেলে। 

নয়ন তার প্যানেলে ডেপুটি মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিজ প্রতিষ্ঠিত সংস্থা ‘সাফ’-এর মাধ্যমে কমিউনিটি সেবা দিয়ে তিনি ইতোমধ্যেই গ্রহণযোগ্যতা অর্জনের চেষ্টা করে যাচ্ছেন। তিনি বলেন, “বাংলাদেশিরা এখন ফ্রান্সের সক্রিয় নাগরিক হিসেবে সমাজ গঠনে অংশ নিতে প্রস্তুত।”

রাব্বানী খান: কমিউনিটির অন্যতম পরিচিত মুখ ও ব্যবসায়ী রাব্বানী খান প্যারিসের শহরতলি এস্তা পৌরসভা থেকে পুনরায় কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। ২০২০ সালের নির্বাচনে জয়লাভ করা রাব্বানী খান দীর্ঘদিন ধরে ফরাসি ভাষা শিক্ষা ও প্রশাসনিক সহায়তার মাধ্যমে অভিবাসীদের পাশে থেকে পরিচিতি পেয়েছেন। 

এবারও তিনি বর্তমান মেয়র আজেদিন তাইবির প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আকাশ বড়ুয়া: উদ্যোক্তা আকাশ বড়ুয়া ফ্রান্সের লা-কোরনুভ শহর থেকে স্থানীয় কমিউনিস্ট পার্টি সমর্থিত নাদিয়া ছাবুন প্যানেলে কাউন্সিলর পদপ্রার্থী হয়েছেন। 

তিনি মনে করেন, মূলধারার রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকরা ফ্রান্স ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারেন।

আব্দুস সামাদ: চাকরিজীবী আব্দুস সামাদ ইল-দু-ফ্রঁসের ভিন্যু-সুর-সেইন এলাকা থেকে ‘লা ফ্রঁস আনসুমি’ সমর্থিত প্যানেলে কাউন্সিলর পদে লড়ছেন। নির্বাচিত হলে কমিউনিটির কল্যাণ, ন্যায়বিচার এবং অংশীদারিত্বমূলক রাজনীতি নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য বলে তিনি জানান।

নাসির উদ্দীন ভূঁইয়া: ব্যাংকার নাসির উদ্দীন ভুঁইয়া লা-কোরনুভ এলাকায় মেয়র পদপ্রার্থী ওমারো দোকুরুর প্যানেল থেকে কাউন্সিলর পদে নির্বাচন করছেন। অভিবাসী অধ্যুষিত এই এলাকায় উন্নয়ন ও অধিকার আদায়ের লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনী মাঠে রয়েছেন।

জুবাইদ আহমেদ: ফ্রান্স জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় জুবাইদ আহমেদ ইভরী-সুর-সেইন এলাকা থেকে প্রার্থী হয়েছেন। তিনি ফিলিপ বয়ুসু প্যানেলভুক্ত হয়ে নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে ‘ফ্রন্ট পপুলেয়ার’ দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সরুফ সোদিওল: ২০২০ সালের নির্বাচনে সেইন্ট-ডেনিস এলাকা থেকে প্রথমবার অংশ নিয়ে আলোচনায় আসা সরুফ সোদিওল এবারও একই এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বর্তমান মেয়র ম্যাতিউ হানোতিন-এর প্যানেলভুক্ত হয়ে নির্বাচনে লড়ছেন।

ফ্রান্সের মিউনিসিপাল নির্বাচন কাঠামো:

ফ্রান্সের স্থানীয় সরকার ব্যবস্থায় প্রায় ৩৫ হাজার কমিউন (পৌরসভা) রয়েছে। ২০২০ সালের নির্বাচনে প্রায় ১০ লাখ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নিয়ম অনুযায়ী, ভোটাররা সরাসরি পৌর কাউন্সিলর নির্বাচন করেন। 

পরবর্তীতে নির্বাচিত কাউন্সিলররা নিজেদের মধ্য থেকে একজনকে মেয়র হিসেবে নির্বাচিত করেন। অর্থাৎ, মেয়র সরাসরি জনগণের ভোটে নয়, বরং কাউন্সিল সদস্যদের ভোটে নির্বাচিত হন।

নির্বাচনী পদ্ধতি অনুযায়ী, প্রথম দফায় কোনো প্যানেল যদি ৫০ শতাংশের বেশি ভোট পায়, তবে তারা কাউন্সিলের অর্ধেক আসন বোনাস হিসেবে পায় এবং বাকি আসনগুলো প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে বণ্টন হয়। 

কোনো প্যানেল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হয়, যেখানে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত তালিকা ‘মেজরিটি বোনাস’ লাভ করে।

প্রশাসনিকভাবে ফ্রান্স ১৮টি অঞ্চল, ১০১টি বিভাগ, ৩৩৩টি অ্যারোন্ডিসমেন্ট এবং ৩৪ হাজার ৮৭৫টি কমিউনে বিভক্ত। রাজধানী প্যারিসসহ পুরো ইল-দু-ফ্রঁস অঞ্চলেও একই নিয়মে নির্বাচন অনুষ্ঠিত হয়।