২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে আন্তর্জাতিক লোকসংগীত সম্মেলনের রজতজয়ন্তী

প্রবাসে লোকসংগীতের পৃষ্ঠপোষকতা ও প্রচারে অবদান রাখা কয়েকজনকে সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2025, 09:06 AM

Updated : 26 Aug 2026, 05:10 PM

উত্তরবঙ্গসহ পল্লী-বাংলার লোকসংগীতচর্চাকে প্রবাসে লালন ও বিকাশের অঙ্গীকারে নিউ ইয়র্কে উদযাপিত হলো ‘আন্তর্জাতিক লোকসংগীত সম্মেলন’-এর পঁচিশ বছর পূর্তি উৎসব। 

শনিবার জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে অনুষ্ঠিত এই রজতজয়ন্তী আয়োজনে ‘বারি গ্রুপ’-এর সৌজন্যে ‘ভাবের গান’ শীর্ষক অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় কিংবদন্তি লোকশিল্পী বিজয় সরকার ও বারি সিদ্দিকীর স্মৃতির প্রতি।

উৎসবের আহ্বায়ক হামিদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধন করেন ‘বারি গ্রুপ’-এর কর্ণধার আসেফ বারি টুটুল ও মুনমুন হাসিনা বারি। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজী আজম।  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাহাদ সোলায়মান, সবিতা দাস, মিনা ইসলাম, সালেহ আহমেদ মানিক, কবি সালেহা ও শক্তি ডি গুপ্তা।

আয়োজনে অতিথিদের অভ্যর্থনা জানান প্রধান সমন্বয়কারী আবু তালেব চৌধুরী চান্দু এবং সমন্বয়কারী মোহর খান। বহুজাতিক সমাজে বাংলাদেশের সংস্কৃতিকে এগিয়ে নিতে প্রবাসীদের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন উৎসবের সদস্য-সচিব নূর ইসলাম বর্ষণ।

চব্বিশ বছর ধরে প্রবাসে লোকসংগীতের পৃষ্ঠপোষকতা ও প্রচারে অবদান রাখা কয়েকজনকে সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে। ‘ভাবের গান’-এ অংশ নেন জনপ্রিয় শিল্পীরা—চন্দ্রা রায়, সবিতা দাস, ইমদাদুল হক, মোহর খান, করিম হাওলাদার, জোহরা আলিম নুপুর, নার্গিস রহমান, শাহীন, সুলতানা খানম, অঙ্কিতা বিশ্বাস ও প্রিয়ন্তি পাল।

লোকসংগীতের সাধনা ও প্রবাসী কমিউনিটির সাংস্কৃতিক বন্ধন জোরদারে এই উৎসবকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন আয়োজকরা।