বাহরাইনে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প
রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার ক্যাম্পে উপস্থিত থেকে প্রবাসীদের সমস্যাগুলো শুনে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন।
বাহরাইনে বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন করেছে।
শুক্রবার বিকেলে বাহরাইনের পূর্ব রিফা এলাকার লায়লা আল নাশমি ইভেন্টস হলে ক্যাম্পে অংশ নিয়েছে বাহরাইনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থা।
দূতাবাসের উদ্যোগে এ বিশেষ ক্যাম্পের মাধ্যমে প্রবাসীরা কনস্যুলার সেবা গ্রহণের পাশাপাশি আইন-কানুন, ট্র্যাফিক নিয়ম, ভিসা সংশোধনের প্রক্রিয়া, শ্রমিক অধিকার এবং সাধারণ স্বাস্থ্য সেবাসহ নানা বিষয়ে পরামর্শ পান। ক্যাম্পে উপস্থিত ছিলেন বাহরাইনের ট্র্যাফিক ডিপার্টমেন্টের প্রতিনিধিরা।
রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার ক্যাম্পে উপস্থিত থেকে প্রবাসীদের সমস্যাগুলো শুনে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন।
তিনি বলেন, “দূতাবাসের এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ প্রবাসীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে। বাহরাইনের সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণের জন্য আমরা কৃতজ্ঞ।”
ক্যাম্পে প্রবাসীরা পাসপোর্ট সেবা, জন্ম নিবন্ধন, আইনি সহায়তা, ওয়েজ আর্নার্স সদস্যপদ নিবন্ধন, বিনামূল্যে চিকিৎসা পরামর্শ এবং অন্যান্য কনস্যুলার ও শ্রম কল্যাণ সেবা নেন।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের প্রবাসবান্ধব কনস্যুলার সেবা ভবিষ্যতেও বাহরাইনের বিভিন্ন প্রবাসী অধ্যুষিত এলাকায় পর্যায়ক্রমে প্রদান করা হবে।
