২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবিতে টিকটক লাইভে এসে বাংলাদেশির আত্মহত্যা

দুই বছর আগে ভাগ্য বদলানোর আশায় আমিরাতে আসেন তিনি।

আবুধাবিতে টিকটক লাইভে এসে বাংলাদেশির আত্মহত্যা
রাইসুল ইসলাম (১৯)

বিডিনিউজ২৪

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2025, 01:50 AM

Updated : 26 Aug 2026, 12:03 PM

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এক বাংলাদেশি তরুণ টিকটক লাইভে এসে আত্মহত্যা করেছেন।

তার নাম রাইসুল ইসলাম (১৯), বাড়ি নোয়াখালীর কবিরহাট থানার শ্রীনন্দী গ্রামে। তার বাবার নাম সিরাজুল ইসলাম।

সোমবার বিকেলে আবুধাবির শিল্পনগরী মুসাফফা সানাইয়ার ১১ নম্বর শিল্প এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রাইসুল। তার বড় চাচা, প্রবাসী আবুল বাশর এই ঘটনা নিশ্চিত করেছেন।

তার দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, রাইসুলের সাথে টিকটক মাধ্যমে পরিচয় ঘটে জর্ডান প্রবাসী এক বাংলাদেশি নারীর। স্বামীর সঙ্গে বিচ্ছেদে থাকা ওই নারী দুই সন্তানের জননী, তার বাড়িও নোয়াখালী। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সেদিন রাইসুল তার চাচার সাথে সেহেরি খেয়ে কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে, টিকটক লাইভে ওই নারীর সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে লাইভে থেকেই রাইসুল গলায় ফাঁস দেন।

রাইসুলের প্রতিবেশী প্রবাসী সাংবাদিক সনজিৎ শীল জানান, পাশের রুম থেকে লোকজন ফাঁস লাগানো অবস্থায় রাইসুলকে দেখতে পায় এবং তার চাচাকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাইসুল দুই বছর আগে ভাগ্য বদলানোর আশায় আমিরাতে আসেন এবং তার বড় চাচার সাথে ঢালাইয়ের কাজ করতেন। তিনি ছিলেন বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে বড়।

বর্তমানে রাইসুলের লাশ বানিয়াস মর্গে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দেশে তার পরিবারের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে।