২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণঅভ্যুত্থানের শহীদ স্মরণে বেইজিংয়ে এনসিপির সভা

এতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

বিডিনিউজ২৪

মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম, চীন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2025, 11:08 AM

Updated : 26 Aug 2026, 02:13 PM

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স চীনের উদ্যোগে 'রিমেম্বারিং আওয়ার জুলাই হিরোস' শীর্ষক স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বেইজিংয়ে এ অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।

নাহিদ ইসলাম বলেন, "প্রবাসীদের প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে বৈশ্বিক জনমত তৈরি হয়েছিল, যা দেশের গণঅভ্যুত্থানকে প্রভাবিত করেছে।"

আখতার হোসেন বলেন, "রেমিট্যান্স শাটডাউন কর্মসূচি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। জুলাই হিরোদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়।"

নাসির উদ্দিন পাটওয়ারী বলেন, "প্রবাসীরা দেশে ফিরে জ্ঞান ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে।"

সারজিস আলম বলেন, "দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে প্রবাসীদের কাজ করতে হবে।"

স্বাগত বক্তব্যে চিফ কো-অর্ডিনেটর সাদ্দাম হোসাইন বলেন, "ডায়াস্পোরা কমিউনিটি বাংলাদেশ ও চীনের মধ্যে ভাষা, সংস্কৃতি ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।"

অনুষ্ঠানে জুলাই শহীদদের নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। শেষে প্রশ্নোত্তর পর্ব, প্রার্থনা, সম্মাননা স্মারক প্রদান ও নৈশভোজের আয়োজন করা হয়।

আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন সাদ্দাম হোসাইন। এতে অংশ নেন সংগঠনের সদস্য মো. শাওন পারভেজ, মো. আরিফ সালেহ তাসিন, খন্দকার রিয়াজুল জান্নাত, মো. তৌহিদুল ইসলাম ও নুহু ইবনে শহীদসহ অন্যরা।

অনুষ্ঠানে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স–চীনের প্রতিনিধিরা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা অনলাইন ও সরাসরি যুক্ত হন।