২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইলস্টোন ট্র্যাজেডি: ঢাকার পাশে থাকার বার্তা দিল আমিরাত

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ বিবৃতি প্রকাশ করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডাব্লিউএএম।

মাইলস্টোন ট্র্যাজেডি: ঢাকার পাশে থাকার বার্তা দিল আমিরাত
সংযুক্ত আরব আমিরাতের জাতীয় পতাকা।

বিডিনিউজ২৪

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2025, 12:45 AM

Updated : 26 Aug 2026, 01:26 PM

ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল ও কলেজে বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত।

মঙ্গলবার এক শোকবার্তায় আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের স্মরণ ও আহতদের আরোগ্য কামনা করে সহযোগিতার আশ্বাস দেয়।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াকালাত আনবা আল-ইমারাতে (ডাব্লিউএএম) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্ত হয়ে যে প্রাণহানির ঘটনা ঘটেছে, তাতে সংযুক্ত আরব আমিরাত গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবার, বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল।”

বাংলাদেশের বন্ধুরাষ্ট্র হিসেবে আমিরাতের এই বার্তা কূটনৈতিক মহলে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।

এই দুর্ঘটনার অভিঘাত অনুভব করেছেন আমিরাতপ্রবাসী বাংলাদেশিরাও। ঘটনার দিন রাতভর সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন অনেকে, জানিয়েছেন নিজেদের অনুভূতি। 

আবুধাবির বাসিন্দা কবীর আহমদ ভূঁইয়া বলেন, “নিজের সন্তানগুলোর দিকে তাকালে বুঝতে পারছি সন্তান হারানো বাবা-মায়ের আর্তনাদ।” 

প্রিয়াংকা খন্দকার নামের এক প্রবাসী নারী বলেন, “মুহূর্তের মধ্যে কতগুলো জীবন শেষ হয়ে গেল! আহাজারি আর সহ্য করতে পারছি না।” 

জাতীয় শোকের সঙ্গে সংহতি জানিয়ে এদিন আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে কনস্যুলেটে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।