১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কুয়েতে দূতাবাসে প্রবাসীদের নিয়ে প্রথম গণশুনানি

গণশুনানিতে অর্ধশতাধিক প্রবাসী অংশগ্রহণ করেন।

আ হ জুবেদ

কুয়েত থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2024, 01:37 PM

Updated : 26 Aug 2026, 10:26 AM

কুয়েতের মিসিলায় বাংলাদেশ দূতাবাসে কনস্যুলার সেবা নিতে আসা প্রবাসীদের অংশগ্রহণে গণশুনানির আয়োজন করেছে দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাস।

গত সপ্তাহে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন গণশুনানি বিষয়ে ঘোষণা দেওয়ার পর এটি চলতি মাসে দ্বিতীয় সপ্তাহের রোববার প্রথম আয়োজন ছিল।

ওইদিন বিকেলে দূতাবাসের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত গণশুনানিতে অর্ধশতাধিক প্রবাসী অংশগ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে জানতে চান।

কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের পরিচালনায় এ আয়োজনে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন।

শুরুতে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। তুলে ধরা হয় শ্রমকল্যাণ সংক্রান্ত সেবার সচিত্র প্রতিবেদন। এতে চলমান সেবার মান ‘আগের তুলনায় বৃদ্ধি’ পাওয়ার তথ্য উপস্থাপন করা হয়।

এসময় রাষ্ট্রদূত ও দূতালয় প্রধানের পাশাপাশি মিনিস্টার শ্রম মো. আবুল হোসেন এবং কাউন্সেলর পাসপোর্ট ও ভিসা ইকবাল আকতার প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নানা প্রশ্নের জবাব দেন।

রাষ্ট্রদূত বলেন, “কুয়েত প্রবাসী বাংলাদেশিদের সামগ্রিক কল্যাণে কাজ করার পাশাপাশি দূতাবাসের কনস্যুলার সেবার মানকে আরও সহজ এবং আধুনিকীকরণসহ দূতাবাসকে প্রবাসীবান্ধব হিসেবে গড়ে তোলা হবে। প্রবাসীরা তাদের কাঙ্ক্ষিত সেবা নিতে এসে যাতে নিরাশ না হন সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।”

গণশুনানিতে অংশ নেওয়া প্রবাসীরা তাদের অভিযোগ, পরামর্শ ও মতামত প্রকাশ করতে পেরে নিজেদের সন্তুষ্টির কথা জানান।