‘মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে’ নিউ ইয়র্কে সংহতি সমাবেশ
শাহরিয়ার কবির ও আসাদুজ্জামান নূরের মুক্তির দাবি জানান তারা।
শাহরিয়ার কবির ও আসাদুজ্জামান নূরের মুক্তির দাবি জানিয়ে ‘মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে’ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সংহতি সমাবেশ করেছেন প্রবাসীরা।
রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ সমাবেশের আয়োজন করে ‘একাত্তরের প্রহরী’ নামে একটি সংগঠন।
মিনহাজ আহমেদ সাম্মুর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন মুক্তিযোদ্ধা নূরুন্নবী। বাংলাদেশে ‘একাত্তরের চেতনাবিরোধী অপশক্তি অরাজক পরিস্থিতি তৈরি করছে’ বলে দাবি করেন তিনি।
সমাবেশে প্রবাসীদের শপথবাক্য পড়ান চলচ্চিত্র নির্মাতা রওশন আরা নীপা। শপথনামায় দেশব্যাপী মাজারে ভাঙচুর এবং পাহাড়ে সংঘর্ষের প্রতিবাদ করে অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়।
‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পাশাপাশি এসময় অংশগ্রহণকারীদের হাতে ছিল ‘হৃদয়ে নতুন সাহস জাগাও একাত্তরের বাংলাদেশ, আরো একবার রুখে দাঁড়াও’ ইত্যাদি বক্তব্য লেখা প্ল্যাকার্ড ও পোস্টার।
জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সমাপ্ত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা খুরশেদুল ইসলাম, খোরশেদ আনোয়ার বাবলু, হাসনাত আল আব্দুল্লাহ, ফকির ইলিয়াস, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কাদের মিয়া, মিথুন আহমেদ, লুৎফুন্নাহার লতা, স্মৃতি ভদ্র, আব্দুর রহিম বাদশা, প্রদীপ কর, সিদ্দিকুর রহমান, আব্দুস সামাদ আজাদ, মজিবর রহমান, শাহীন আজমল, ইমদাদ চৌধুরী, রফিকুর রহমান, নূরল আমিন বাবু, স্বীকৃতি বড়ুয়া, গোপাল সান্যাল, বিপার অ্যানি ফেরদৌস ও মাহফুজা আহমেদ।
উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর কর্মকর্তা জাফরউল্লাহ, এম এ করিম জাহাঙ্গির, সোলায়মান আলী, এম এ হামিদ, দরুদ মিয়া রনেল, নূরল ইসলাম নজরুল, শিবলী সাদিক, অজিৎ ভৌমিক, বাংলাদেশ লীগ অব আমেরিকার সভাপতি শাহিদা শিকদার হাই, সাখাওয়াত আলী ও সাবিনা হাই উর্বি।
