নিউ ইয়র্কে বনভোজনে প্রাণ গেল বাংলাদেশি শিশুর
প্রাইভেটকার পার্ক করার জন্য চালক পেছনের দিকে নিলে চাপা পড়ে শিশুটি।
নিউ ইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডের সাফোক কাউন্টির একটি পার্কে বনভোজন অনুষ্ঠানে গাড়ি চাপায় বাংলাদেশি এক শিশুর মৃত্যু হয়েছে।
সাফোক কাউন্টির নর্থ বেবিলন সিটির বেলমন্ট লেক স্টেট পার্কে স্থানীয় সময় রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
দুই বছর বয়সী শিশুটির নাম প্রার্থনা হিমি রায়। সে বাংলাদেশের ফরিদপুরের ঋষিকেশ রায় ও কল্পনা রায় দম্পতির মেয়ে।
নিউ ইয়র্ক পুলিশ বলছে, প্রাইভেটকার চাপায় শিশুটি গুরুতর আহত হয়। কাছের হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। ঘটনাটিকে নিতান্ত দুর্ঘটনা হিসেবে দেখছে পুলিশ।
বেলমন্ট লেক স্টেট পার্কে বনভোজন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলছেন, নিউ ইয়র্ক সিটি থেকে বনভোজনে যোগ দিয়েছিলেন ঋষিকেশ-কল্পনা দম্পতি। তাদের মেয়েকে চাপা দেওয়া গাড়িতে এসেছিলেন অংশগ্রহণকারী অন্যরা। তারা নেমে গেলে গাড়িটি পার্ক করার জন্য পেছনে নেন চালক। ঠিক সেসময় দৌড়ে আসা শিশুটি গাড়ির নিচে চাপা পড়েন। ঋষিকেশ-কল্পনা দৌড়ে গিয়ে মেয়েকে উদ্ধার করেন। পরে অ্যাম্বুলেন্সে দ্রুত তাকে হাসপাতালে নিয়েও বাঁচানো যায়নি।
এ ঘটনায় আনন্দ আয়োজন পরিণত হয় শোক অনুষ্ঠানে। বনভোজনের কার্যক্রম স্থগিত করা হয়। সকলে ছুটে যান হাসপাতালে। শিশুটির পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান।
বছরের এ সময়ে নিউ ইয়র্ক প্রবাসীরা বিভিন্ন অনুষ্ঠান-আয়োজন আর বনভোজনে মাতেন। সবুজে ভরা লং আইল্যান্ডে সমুদ্র সংলগ্ন গভীর অরণ্যে বনভোজন করে থাকেন তারা।
