২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে জেনারেল ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী উদযাপন

মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন।

বিডিনিউজ২৪

এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 04:17 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

ফ্রান্সে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী উদযাপন করেছেন প্রবাসীরা।

দিনটি উপলক্ষ্যে রোববার স্থানীয় সময় বিকালে প্যারিসে ক্যাথসিমার একটি রেস্তোরাঁয় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ‘গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন’।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফয়সল উদ্দিন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান। 

সংগঠনটির প্রধান উপদেষ্টা সালেহ আহমদ চৌধুরী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাইজুল ফয়েজ, নুর খান, কাওছার আহমদ, হাফিজ জিল্লুর রহমান, জয়নাল আবেদীন, আব্দুল আহাদ, শাহেদ আহমদ, লুকুছ মিয়া, নাজমুল হাসান, সাহেদ আহমদ ও মাতাব হোসেন।

বক্তারা মুক্তিযুদ্ধে ওসমানীর নেতৃত্ব, অবদান এবং জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা শেষে দেশ ও জাতির অগ্রগতি এবং কল্যাণ কামনায় দোয়া করা হয়।

জেনারেল আতাউল গণি ওসমানী ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সিলেটে জন্ম নেন। তিনি ১৯৪১ সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং পরবর্তীতে পাকিস্তান সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন। 

জাতির স্বাধীনতা সংগ্রামে ভূমিকার জন্য তিনি ‘বঙ্গবীর’ উপাধি পান। ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি ঢাকায় মারা যান।