২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বৈশাখী মেলায় প্রবাসীদের সাড়া, সংস্কৃতিচর্চার তাগিদ

এতে দেশটির বিভিন্ন শহর থেকে পরিবার-পরিজন নিয়ে অংশ নেন প্রবাসীরা।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2025, 12:35 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

নতুন প্রজন্মকে নিয়ে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠ থাকার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে গেলো দিনব্যাপী বৈশাখী মেলা।

শনিবার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের আপার ডারবি পার্কে হাজারো প্রবাসীর উপস্থিতিতে মেলাটি পরিণত হয় মিলনমেলায়।

এতে বিভিন্ন শহর থেকে পরিবার-পরিজন নিয়ে অংশ নেন প্রবাসীরা। খাবার, পোশাক ও খেলনার অর্ধশতাধিক স্টলে ছিল ক্রেতাদের ভিড়।

মেলার প্রধান অতিথি মো. আব্দুল কাদের মিয়া বলেন, “প্রথম প্রজন্মের অভিজ্ঞতা এবং নতুন প্রজন্মের আগ্রহ, এই দুইয়ের সংমিশ্রণেই প্রবাসে বাঙালিরা একটি দৃঢ় অবস্থান তৈরি করতে পারবে।”

মেলার প্রধান সমন্বয়কারী ও মিলবোর্ন বরোর মেয়র মাহবুবুল আলম তৈয়ব বলেন, “এলাকাবাসীর বাংলা সংস্কৃতির প্রতি ভালোবাসাই এই মেলার প্রাণ। স্থানীয় প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরাও মেলায় এসে বাঙালি কমিউনিটির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।”

পেনসিলভেনিয়া স্টেট সিনেটর টিম কিয়ারনি বলেন, “প্রবাসী বাংলাদেশিরা শুধু আপার ডারবি বা ফিলাডেলফিয়া নয়, গোটা আমেরিকাতেই একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন। তাদের কর্মকাণ্ড আমাকে মুগ্ধ করেছে।”

ফিলাডেলফিয়া সিটির কাউন্সিলওম্যান অ্যাট লার্জ নীনা আহমেদ এবং আপার ডারবি মেয়র এডোয়ার্ড ব্রাউন আসন্ন নির্বাচনে প্রবাসীদের সংগঠিত হয়ে অংশগ্রহণের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মো. ফজলুল হক, মো. জাফরউল্লাহ, আলিম খান আকাশ, মেলা কমিটির আহ্বায়ক কাজী সাখাওয়াত হোসেন, যুগ্ম আহ্বায়ক আজিমউদ্দিন, নূর কবীর রনি, ফারুক আহমেদ, তানভির মাহতাব, জলি দাস ও সুরুজ আলম রুবেল।

সাংস্কৃতিক পর্বে অংশ নেন চিত্রনায়িকা মৌসুমী, কণ্ঠশিল্পী জলি দাস, সালমান খান, প্রতীক হাসান ও প্রীতম হাসান। সংগীত পরিবেশনার মধ্য দিয়ে মেলার পর্দা নামে।