২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে বাংলাদেশ

এতে ১৪০টি স্টলের মধ্যে ১৮টি ছিল বাংলাদেশের পণ্যের।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2024, 12:18 PM

Updated : 26 Aug 2026, 10:33 AM

যুক্তরাষ্ট্রে ‘নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড চেম্বার এক্সপো ২০২৪’-এ অংশ নিয়েছে বাংলাদেশ।

ম্যানহাটনের একটি হোটেলে বুধবার তৃতীয়বারের মতো এ আয়োজন করে ‘নিউ ইয়র্ক চেম্বার অব কমার্স’ এবং ‘ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স’।

মেলার সমন্বয়ক ছিলেন বিশ্বজিৎ সাহা। উদ্বোধন করেন এর আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ এবং নিউ ইয়র্ক চেম্বারের সভাপতি মার্ক জাফি।

এতে ১৪০টি স্টলের মধ্যে ১৮টি ছিল বাংলাদেশের পণ্যের। ছয়টি সেমিনারের মধ্যে পাঁচটি ছিল বাংলাদেশের উন্নয়ন নিয়ে। এসব সেমিনারে অংশ নেন বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডার বিশেষজ্ঞরা।

মহম্মদ মাহদি-উজ-জামানের পরিচালনায় ‘আইটি সেক্টরে কীভাবে উন্নয়ন করা যায়’ এবং নজরুল ইসলামের পরিচালনায় ‘জাতিসংঘে বাংলাদেশের ৫০ বছরের অর্জন এবং অবদান’ সেমিনার দুটি দর্শকপ্রিয়তা পায়।

অন্যদিকে আমেরিকানদের পরিচালিত ‘ফিউচার অব হেলথ ইন্স্যুরেন্স’-এ অংশ নেওয়া চার বিশেষজ্ঞ নিউ ইয়র্কের ইন্স্যুরেন্স কোম্পানির দৌরাত্ম্য ঠেকিয়ে কীভাবে ২০ শতাংশ প্রিমিয়াম কমানো যায় তার উপায় নিয়ে বক্তব্য দেন। 

মেলায় বাংলাদেশ থেকে আসা অতিথি ও বক্তার মধ্যে ছিলেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টচার্য, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমই) সভাপতি মুহাম্মদ হাতেম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক শরীফ জামিল, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান, অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমান, ইন্টারন্যাশনাল ফার্টিলাইজার ডেভেলপমেন্ট সেন্টারের (আইএফডিসি) চেয়ারম্যান শফিকুর রহমান, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএর) পরিচালক রাজীব চৌধুরী, খন্দকার আব্দুল্লাহ আল মান্নান, জামান জুটের সৈয়দ আসাদুজ্জামান এবং কুষ্টিয়ার সেতু গ্রুপের আব্দুল কাদের। 

অতিথির মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য আবুবকর হানিফ, সৈয়দ জাকি হোসাইন, রায়হানূল ইসলাম চৌধুরী, আবুল হোসাইন, জিয়াউর রহমান, আরিফুর রহমান ও খলিলুর রহমান।