২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে ‘দেশে ফিরিয়ে এনে বিচার’ দাবি নিউ ইয়র্ক বিএনপির

যুক্তরাষ্ট্র সফররত প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে সমাবেশ করেন তারা।

হাসিনাকে ‘দেশে ফিরিয়ে এনে বিচার’ দাবি নিউ ইয়র্ক বিএনপির
মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির মিছিল।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2024, 12:14 PM

Updated : 26 Aug 2026, 10:32 AM

গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘দেশে ফিরিয়ে এনে বিচার’ করার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্য বিএনপি।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি তোলেন তারা।

বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় মিছিলের পর এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, “গত ১৬ বছরের জঞ্জাল অপসারণের প্রধান ও প্রাথমিক দায়িত্ব হচ্ছে স্বৈরাচার ও গণহত্যাকারী হিসেবে উৎখাত হওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। তাহলেই ভবিষ্যতে আর কেউ এমন নৃশংসতায় লিপ্ত হওয়ার ঔদ্ধত্য দেখাবে না।”

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আতিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির সমাবেশ।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির সমাবেশ।

খোকন বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসকে আমরা পেয়েছি, এটা সবার জন্য গৌরব ও অহংকারের। ইউনূসের নেতৃত্বে প্রয়োজনীয় সংস্কারের পথ বেয়ে বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনে জনগণের সরকার বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত সবাইকে সরব থাকতে হবে।”

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন ভূইয়া এবং বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির অন্যতম সদস্য গোলাম ফারুক শাহীন।

গিয়াস আহমেদ বলেন, “গত ১৬ বছরের সব অন্যায়-অবিচারের বিচার করতে হবে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির জন্য নেতা-কর্মীদের সোচ্চার থাকতে হবে। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের নেওয়া সব কর্মসূচিতে আন্তর্জাতিক জনমত জোরদারে কাজ চালিয়ে যেতে হবে।”

আগামীকাল শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে মুহাম্মদ ইউনূসের ভাষণ উপলক্ষ্যে ‘আনন্দ সমাবেশের’ ঘোষণা রয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলোর। এ সমাবেশে প্রবাসীদের অংশ নেওয়ার আহ্বান জানান নিউ ইয়র্ক বিএনপির সভাপতি আতিকুর রহমান।