২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন সফরে বিএনপির ১৯ সদস্য, গুরুত্ব পাচ্ছে শিক্ষা ও উদ্ভাবন

প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম পর্যবেক্ষণ এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

বিডিনিউজ২৪

মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম, চীন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2026, 09:35 AM

Updated : 26 Aug 2026, 03:26 PM

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে ১০ দিনের রাষ্ট্রীয় সফরে থাকা বিএনপির ১৯ সদস্যের একটি প্রতিনিধিদল দেশটির আনহুই প্রদেশের হেফেই শহরে অবস্থিত ‘ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ চায়না’ (ইউএসটিসি) পরিদর্শন করেছে।

শুক্রবার প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম পর্যবেক্ষণ এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

১৫ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত বিএনপির এই প্রতিনিধিদলটি চীন সফর করবে। প্রতিনিধিদলে রয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. ইসমাইল জাবিহুল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মো. মোস্তাফিজুর রহমান বাবুল এবং সৈয়দ আল নোমান।

সফরের শুরুতে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রগুলো পরিদর্শন করেন এবং এর শিক্ষা ব্যবস্থা ও উদ্ভাবনী পরিকাঠামো পর্যবেক্ষণ করেন। বিকেলে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা দপ্তরের আয়োজনে বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং ইউএসটিসিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে আন্তর্জাতিক সহযোগিতা দপ্তরের পরিচালক ওয়াং ইউমিং প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, “বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ৩৯ জন বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা নিচ্ছেন এবং তারা বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পাচ্ছেন।”

প্রতিনিধিদলের পক্ষে মো. ইসমাইল জাবিহুল্লাহ বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, “শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার সুযোগ রয়েছে।” তিনি জানান, বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী চীনে উচ্চশিক্ষা নিচ্ছেন, যা দুই দেশের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক বিনিময়ের একটি বড় অংশ।

সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ইউএসটিসির গবেষণা কার্যক্রম, প্রাতিষ্ঠানিক কাঠামো এবং বিশেষ করে ‘স্কুল অফ গিফটেড ইয়ুথ’-এর বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সৈয়দ আল নোমান চীনকে ‘বৈশ্বিক উদ্ভাবনের কেন্দ্র’ হিসেবে অভিহিত করে বাংলাদেশি শিক্ষার্থীদের জ্ঞান দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান। আলতাফ হোসেন চৌধুরী দেশের শিক্ষা খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

শিক্ষার্থীদের পক্ষে রাওহা বিন মেজবা, আশরাফুল ইসলাম রাকিব, আব্দুল্লাহ আল আলিফ এবং তৌফিকুর রহমান তাদের অভিজ্ঞতা ও দুই দেশের প্রযুক্তি বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। 

ইউএসটিসি চীনের ‘সি-নাইন লিগ’-এর অন্যতম সদস্য। নেচার ইনডেক্স অনুসারে, গবেষণার দিক থেকে বিশ্ববিদ্যালয়টি বর্তমানে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং আন্তর্জাতিক বিভিন্ন র‍্যাংকিংয়ে ধারাবাহিকভাবে শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে।