১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

চাঁদাবাজিতে লিপ্তরা বিএনপির নমিনেশন পাবে না: নিতাই রায় চৌধুরী

‘কিছু লোভী প্রকৃতির হাইব্রিড’ নেতা-কর্মী এসব করছেন বলে অভিযোগ করেন তিনি।

চাঁদাবাজিতে লিপ্তরা বিএনপির নমিনেশন পাবে না: নিতাই রায় চৌধুরী
বক্তব্য দিচ্ছেন নিতাই রায় চৌধুরী।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2025, 04:35 PM

Updated : 26 Aug 2026, 01:11 PM

দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি-দখলবাজির ঘটনায় জড়িতরা আগামী জাতীয় নির্বাচনে বিএনপির নমিনেশন পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

বুধবার বিকালে যুক্তরাষ্ট্রের বালটিমোরে একটি রেস্তোরাঁয় তাকে সংবর্ধনা দেয় বিএনপির মেরিল‍্যান্ড স্টেট শাখা।

এতে অংশ নিয়ে নিতাই রায় চৌধুরী বলেন, “অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন স্থানে চাঁদাবাজি-দখলবাজির ঘটনা ঘটছে। লুটতরাজের সংবাদও পাচ্ছি। তবে এমন বর্বরতার সঙ্গে বিএনপির কেউই জড়িত নন। দুর্বৃত্তরা লুটতরাজ-চাঁদাবাজি-দখলবাজি চালাচ্ছে বিএনপির লেবাস লাগিয়ে। সত্যিকার অর্থে যারা বিএনপির কর্মী তারা কখনোই সামাজিক অস্থিরতা তৈরি করতে পারেন না।”

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে নিতাই বলেন, “যারা চাঁদাবাজিতে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, যারা চাঁদাবাজিসহ অপরাধে লিপ্ত তারা কখনোই কোন প্রকার নির্বাচনে বিএনপির নমিনেশন পাবে না।”

নেতা-কর্মীদের প্রশ্নের উত্তরে নিতাই রায় চৌধুরী আরও বলেন, “সত্যি করে যারা বিএনপি করেন, তারা চাঁদাবাজের সঙ্গে জড়িত নন। কিছু লোভী প্রকৃতির হাইব্রিড নেতা-কর্মী এসব করছেন।”

মেরিল‍্যান্ড স্টেট বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের  সভাপতি সাহিদ খান চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাহাঙ্গীর কবির বাবলু, বাবুল রহমান, বুলবুল মল্লিক ও মোবারক হোসেন লিটন।