১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নিউ জিল্যান্ডে বাংলাদেশ অ্যাসোসিয়েশন নির্বাচনের ফলাফল ঘোষণা

এবারের নির্বাচনে ১ হাজার ৭০০ জনেরও বেশি বাংলাদেশি ভোট দেন।

নিউ জিল্যান্ডে বাংলাদেশ অ্যাসোসিয়েশন নির্বাচনের ফলাফল ঘোষণা
‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউজিল্যান্ড ইনক’-এর লোগো।

বিডিনিউজ২৪

অনন্যা আফরিন চৌধুরী, নিউ জিল্যান্ড থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Sep 2026, 01:50 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

নিউ জিল্যান্ডে প্রবাসীদের সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউজিল্যান্ড ইনক’ তাদের দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে। 

রোববার অকল্যান্ডের ১৫৮ নিউ উইন্ডসর রোডে অবস্থিত নিউ উইন্ডসর স্কুল অডিটোরিয়ামে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোট দেন প্রবাসীরা।

মোট ১১ সদস্যের এই কার্যনির্বাহী কমিটির মধ্যে সভাপতিসহ ৭টি পদে প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন—সভাপতি পদে মো. দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক পদে অভিজিৎ দাসগুপ্ত, ধর্মবিষয়ক সম্পাদক পদে আবদুস সালাম, সদস্যপদ বিষয়ক সম্পাদক পদে মো. এহতেশাম ফেরদৌস জাহান, ক্রীড়া সম্পাদক পদে মো. জুবায়ের রহমান এবং কার্যনির্বাহী সদস্য পদে মেহেদী হাসান খান চৌধুরী ও মো. নুরুল করিম।

অন্যদিকে বাকি ৪টি পদ—সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ও কোষাধ্যক্ষ পদের জন্য দুটি প্রতিদ্বন্দ্বী প্যানেল থেকে মোট ৮ জন প্রার্থী সরাসরি ভোটে অংশ নেন। 

একটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সহ-সভাপতি পদে মো. গিয়াসউদ্দিন বাবলু, সাধারণ সম্পাদক পদে রাসেল রানা, সহকারী সাধারণ সম্পাদক পদে মো. নাজমুল করিম ও কোষাধ্যক্ষ পদে আমিনুল। তাদের প্রতিদ্বন্দ্বী অপর প্যানেল থেকে বিজয়ী হয়ে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন—সহ-সভাপতি পদে মো. মাহবুবুল আলম খান, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ফাত্তাহ উদ্দিন, সহকারী সাধারণ সম্পাদক পদে মো. আতাউর রহমান ফকির এবং কোষাধ্যক্ষ পদে সাবাব ই জান্নাত।

প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ আমজাদ হোসেন জানান, ‘প্রবাসের মাটিতে আমাদের শিকড় এক, আমাদের পরিচয় এক, আর আমাদের কমিউনিটিও এক’, এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এবারের নির্বাচনে ১ হাজার ৭০০ জনেরও বেশি বাংলাদেশি তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান, যেখানে ভোটারদের বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়। 

অকল্যান্ড ছাড়াও হ্যামিল্টন, তৌরাঙ্গা ও হেস্টিংস থেকে সংগৃহীত সব ব্যালট যাচাই, সরাসরি গণনা ও মেলানোর কাজ শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করে।

নবনির্বাচিত এ কার্যনির্বাহী পরিষদ আগামী ২০২৮ সাল পর্যন্ত সংগঠনের দ্বিবার্ষিক দায়িত্ব পালন করবে। নির্বাচনে অংশগ্রহণকারী ভোটাররা জানান, যোগ্য প্রার্থী বাছাইয়ের মাধ্যমে প্রবাসীদের পারস্পরিক বন্ধন ও কমিউনিটির প্রতি দায়বদ্ধতা আরও দৃঢ় হবে। 

সাধারণ ভোটারদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব এমনভাবে সংগঠন পরিচালনা করবে যেখানে মতের পার্থক্য থাকলেও কোনো বিভাজন থাকবে না, সবার মতামতের মূল্যায়ন হবে এবং অভিজ্ঞদের পাশাপাশি নতুনদেরও কাজের সুযোগ তৈরি হবে।