২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পরিবেশমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ ‘অনেক বেশি লাভজনক’ বলে মন্তব্য করেন তিনি।

প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পরিবেশমন্ত্রীর
বক্তব্য দিচ্ছেন সাবের হোসেন চৌধুরী।

বিডিনিউজ২৪

আমিনুল হক খোকন, দুবাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2024, 11:27 AM

Updated : 01 Sep 2026, 09:05 PM

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

রোববার দুবাইয়ের একটি হোটেলের বলরুমে দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত একটি সেমিনারে প্রধান অতিথি ছিলেন তিনি।

মন্ত্রী বলেন, “বাংলাদেশে জনসম্পদকে জনশক্তিতে রূপান্তরকরণ এবং আইনের শাসন প্রতিষ্ঠার প্রতি জোর দিয়েছে বর্তমান সরকার। বাংলাদেশের ভূপ্রাকৃতিক অবস্থান, বিশাল কনজ্যুমার পপুলেশনের কারণে এখন বিনিয়োগ অনেক বেশি লাভজনক।”

বিদ্যুৎ, তৈরি পোশাক, তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, পাটজাত ও চামড়াজাত শিল্প এবং খাদ্যপণ্যসহ বিভিন্ন খাতে প্রবাসীরা বিনিয়োগ করতে পারেন বলে অভিমত দেন তিনি।

‘বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা, পরিপ্রেক্ষিত তথ্যপ্রযুক্তির রূপান্তর, উদ্ভূত সমস্যা এবং আমিরাতের কর নীতির সাম্প্রতিক নির্দেশনা’ শিরোনামে এ সেমিনার সভাপতিত্ব করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব পদক্ষেপগুলো তুলে ধরেন তিনি।

সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ও বিনিয়োগ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সেলর আশিষ কুমার সরকার। তিনি দুই দেশের ৫০ বছরের বাণিজ্যিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন।

সেমিনারে বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও শ্রীলংকার ব্যবসায়ীসহ প্রায় দুইশ আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।