২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু

এই ধাপের নিবন্ধন চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2025, 09:23 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটে ভোটাধিকার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াসহ ১৬টি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। 

বাংলাদেশ সময় রোববার থেকে পোস্টাল ভোট বিডি (Postal Vote BD) অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা যাবে। এই ধাপের নিবন্ধন চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।

আজ থেকে যেসব দেশে নিবন্ধন কার্যক্রম চালু হলো- যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, মেক্সিকো, কিউবা, জ্যামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো, পানামা, হন্ডুরাস, হাইতি, নিকারাগুয়া, গুয়াতেমালা, ডমিনিকান রিপাবলিক, কোস্টারিকা ও বাহামা।

নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, এর পাশাপাশি পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন কার্যক্রমও ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।

ইসি প্রথমবারের মতো প্রবাসী নাগরিকদের জন্য ডাকযোগে ভোটদানের ব্যবস্থা চালু করেছে। নিবন্ধন প্রক্রিয়া চলাকালে ২৪ ঘণ্টা প্রযুক্তিগত সহায়তা দিতে হেল্পডেস্কও পরিচালনা করছে কমিশন। 

সহায়তার জন্য হোয়াটসঅ্যাপ ও ইমু নম্বর- +8801335149920, +8801335149923-32, +8801777770562 এবং বোটিম নম্বর- +8801335149927, +8801335149929-30, +8801777770562।

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের দলনেতা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান জানিয়েছেন, কানাডায় কিছু প্রবাসী ভোটার পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপে নিবন্ধনের সময় ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) গ্রহণে সমস্যার মুখোমুখি হচ্ছেন।

তিনি বলেন, "নিবন্ধন প্রক্রিয়া নির্বিঘ্ন করতে এবং ওটিপি-সংক্রান্ত যেকোনো সমস্যার দ্রুত সমাধানে নির্বাচন কমিশন বিশেষ সহায়তা ব্যবস্থা চালু করেছে। এ ধরনের সমস্যায় পড়লে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।

সহায়তা নম্বরগুলো- হোয়াটসঅ্যাপ: +8801777770562, 01335149920, 01335149924।

ইসি জানিয়েছে, প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রমকে সফল ও ঝামেলামুক্ত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রযুক্তিগত সহায়তা অব্যাহত থাকবে।