যুক্তরাষ্ট্রে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সমাবেশে মতবিরোধ, পুলিশের হস্তক্ষেপ
লেখক ও কলামনিস্ট মিনা ফারাহর বক্তব্য ঘিরে এ মতবিরোধ সৃষ্টি হয়।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে মতবিরোধ ও উত্তপ্ত স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে।
আয়োজকদের হস্তক্ষেপ এবং পরে নিউ ইয়র্ক পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয় এবং অনুষ্ঠান আবারও শুরু করা সম্ভব হয়।
রোববার বিকালে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এই সমাবেশ করে ‘প্যাট্রিয়ট বাংলাদেশ’ নামে একটি সংগঠন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে স্থিরচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন বাদল। তার সঙ্গে ছিলেন মুক্তিযোদ্ধা আলী ইমামসহ আয়োজকদের অন্য সদস্যরা।
বক্তব্যে লেখক ও কলামনিস্ট মিনা ফারাহ ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের প্রসঙ্গ টেনে বলেন, “আমরা একটি পরিবারকে শেষ করেও মাইনাস ওয়ান করতে পারিনি, ফলে শেষ পর্যন্ত এসে হয়েছে মাইনাস টু।”
বিএনপি ও সম্প্রতি ‘নিষিদ্ধ’ হওয়া আওয়ামী লীগ উভয় দলকেই ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে তিনি বলেন, “এই দুটি দলের শাসন বাংলাদেশকে দুর্বল করেছে।”
তার এই বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত বিএনপি-সমর্থকদের একাংশ আপত্তি জানান এবং মঞ্চের দিকে তেড়ে যান।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মিনা ফারাহ মাইক ছেড়ে মঞ্চ ত্যাগ করেন। কিছু সময় দর্শক সারিতে অবস্থান করার পর তিনি অনুষ্ঠানস্থল ছেড়ে যান।
আয়োজকদের মধ্যে মশিউর রহমান লিটন, উপস্থাপক দেলওয়ার হোসেন শিপন ও আব্দুল কাদের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এবং সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানান।
তারা বলেন, “এই বক্তব্য আমাদের সংগঠনের অবস্থান নয়। আমরা অনুষ্ঠানকে নির্দিষ্ট কাঠামোয় রাখতে চাই।”
এর কিছুক্ষণ পর সমাবেশস্থলের বাইরে সম্প্রতি ‘নিষিদ্ধ’ হওয়া ছাত্রলীগের একাংশ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শুরু করে। এতে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার আশঙ্কা তৈরি হলে নিউ ইয়র্ক পুলিশ ঘটনাস্থলে এসে স্লোগানদাতাদের সরিয়ে নেয়।
এতে কোনো পক্ষ থেকে আহত বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। পরে আয়োজকরা সমাবেশের মূল আলোচনায় ফিরে আসেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ সম্রাট বলেন, “দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হলেই আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য পূরণ হবে।”
বিশেষ অতিথি অধ্যাপক শওকত আলী বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ফিরিয়ে আনতে প্রবাসীদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
আলোচনায় আরও অংশ নেন ‘প্যাট্রিয়ট বাংলাদেশ’র আহ্বায়ক এম এ সবুর, বিএনপি নেতা মোশারফ হোসেন সবুজ, এ এফ এম মিসবাহউজ্জামান, নার্গিস আহমেদ, মাহতাব খান, সাঈদ আজাদ, মাহতাব উদ্দিন, আহসান হাবিব, ওসমান গনি, জয়নাল আবেদীন ও প্রিসিলা।
সমাবেশে আলোচনার পাশাপাশি আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন ‘ঊনবাঙাল’ নামের একটি সাহিত্য সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠান শেষে নিউ ইয়র্ক স্টেট সেনেটর জন ল্যু জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের অবদানের স্বীকৃতি হিসেবে কয়েকজন প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা দেন।
