জুম্ম আদিবাসীদের ওপর ‘নিপীড়ন’ বন্ধে প্যারিসে মানববন্ধন
এ আয়োজন করে আদিবাসী মানবাধিকার সংগঠন ‘লা ভোয়া দে জুম্মাস’।
পার্বত্য চট্টগ্রামে জুম্ম আদিবাসীদের উপর ‘মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগ তুলে মানববন্ধন করেছে আদিবাসী বিষয়ক মানবাধিকার সংগঠন ‘লা ভোয়া দে জুম্মাস’।
স্থানীয় সময় রোববার বিকালে প্যারিসের আইফেল টাওয়ারের কাছে মানবাধিকার চত্বরে এ উপলক্ষ্যে প্রতিবাদ সমাবেশ করেন তারা।
সমাবেশের শুরুতে পাহাড়ে যেসব জুম্ম ‘নির্যাতিত, গুম, হত্যা, ধর্ষণ ও বিচারহীনতার’ শিকার হয়েছেন, তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আয়োজক সংগঠনের উপদেষ্টা সমাপ্তি চাকমা বগ্নি ও সাধারণ সম্পাদক পার্থ দেওয়ানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রেমি ফ্লেগিয়ের চাকমা।
প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের ‘গ্লোবাল অ্যান্টি-রেসিজম চ্যাম্পিয়ন’ সম্মাননা পাওয়া মানবাধিকারকর্মী রানী ইয়ান ইয়ান।
বক্তব্য দেন আয়োজক সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সহ-সভাপতি মেকসুয়েল চাকমা, কলকাতা থেকে আসা শিক্ষাবিদ মৃণাল চাকমা ও ভিয়েতনামের মানবাধিকারকর্মী টাই হুয়ান ডিউ।
পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের উপর ‘দমন ও নিপীড়ন’ বন্ধ ও পার্বত্য শান্তিচুক্তির বাস্তবায়ন দাবি করে বক্তারা বলেন, “বাংলাদেশে অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি দিলেও পাহাড়ের জুম্ম জনগণ এখনো নিপীড়নের শিকার। পাহাড় যেন হয়ে উঠছে প্রতিনিয়ত এক বৈষম্য।”
সমাবেশে কবিতা আবৃত্তি করেন স্মরণিকা চাকমা। ঐতিহ্যবাহী জুম্ম গানে নাচ পরিবেশন করেন হৃদ্যতা দেওয়ান, শায়েরী, সমাপ্তি চাকমা ও সৃজনী চাকমা। এছাড়া ছিল তুফান চাকমার আঁকা প্রতিবাদী চিত্রকর্মের প্রদর্শনী।
