প্যারিসে প্রবাসীদের উদ্যোগে চলছে বইমেলার প্রস্তুতি
মেলার উদ্বোধন করবেন সেইন ডেনিসের মেয়র ম্যাথিও আনোতাঁ।
প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা’।
আগামী ১৬ ও ১৭ অগাস্ট ফ্রান্সের সেইন ডেনিস এলাকায় আয়োজিত হবে দুই দিনব্যাপী এ উৎসব। এ আয়োজন করেছে ফ্রান্স সরকার অনুমোদিত বাংলা গণমাধ্যম ‘প্যারিস টাইমস’।
বইমেলা ও উৎসবের প্রস্তুতি বিষয়ে শনিবার বিকালে প্যারিসের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে আয়োজকরা জানান, মেলার উদ্বোধন করবেন সেইন ডেনিসের মেয়র ম্যাথিও আনোতাঁ। এতে থাকবে দেশীয় ঐতিহ্যবাহী খাবার ও হস্তশিল্পসহ নানা পণ্যসামগ্রীর প্রদর্শনী ও বিক্রয়। মেলা চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত।
উৎসবের প্রথম দিন শনিবার অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক বইমেলা। দ্বিতীয় দিন রোববার ‘অ্যাসোসিয়েশন সেকোয়ানো বাঙালি’-এর পরিবেশনায় অনুষ্ঠিত হবে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘প্যারিস টাইমস’-এর প্রকাশক কাজী এনায়েত উল্লাহ, পত্রিকাটির সম্পাদক সালাহ উদ্দিন, বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজের সভাপতি ফখরুল আকম সেলিম, সঙ্গীতশিল্পী আরিফ রানা, সৈয়দা কুমকুম এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমেদ চৌধুরী।
