Published : 30 Dec 2025, 12:17 AM
পর্তুগালের রাজধানী লিসবনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসব।
রোববার শহরের প্রাণকেন্দ্রে মের্কাদো দে কালতুরাস হলে দিনব্যাপী এ আয়োজন করে প্রবাসী সংগঠন ‘কাজা দো বাংলাদেশ’।
সংগঠনের সভাপতি রনি হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান উপদেষ্টা রানা তাসলিম উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান গোলাম সরওয়ার এবং স্থানীয় জুন্তা আরিয়সের প্রেসিডেন্ট জোয়াও জাইমে পিয়েল।
অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মাসুম আহমেদ, ইকবাল হোসাইন কাঞ্চন, শাহিনুর ইসলাম ও হাফিজ আল আসাদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
উৎসবে অংশ নেন কয়েক হাজার বাংলাদেশি প্রবাসী। গান পরিবেশন করেন জলের গানের কণ্ঠশিল্পী রাহুল আনন্দ, যুক্তরাজ্যপ্রবাসী শিল্পী ওয়াহিদ, ইতালিপ্রবাসী শিল্পী শ্রাবণী এবং স্থানীয় শিল্পী শামসুল হক ও মাইনুল ইসলাম।
বিজয় মেলার অন্যতম আকর্ষণ ছিল সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান। বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প, গ্রামীণ সংস্কৃতির নিদর্শন ও দেশীয় খাবারের বিভিন্ন স্টল দর্শনার্থীদের আকর্ষণ করে। অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র।
আয়োজক সংগঠনের নেতারা জানান, বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতেই এ উৎসবের আয়োজন করা হয়। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই বিজয় উৎসবে প্রবাসীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।