১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্যারিসে ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের আত্মপ্রকাশ

লক্ষ্য বাংলাদেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি।

বিডিনিউজ২৪

এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2026, 01:36 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের প্ল্যাটফর্ম ‘ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরাম’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। 

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ককে আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করেছে।

এ উপলক্ষ্যে স্থানীয় সময় শুক্রবার রাতে প্যারিসের শহরতলী ওবেরভিলিয়ে এলাকার লিগ্যাল এইড সেন্টারে সংবাদ সম্মেলন করেন তারা।

অনুষ্ঠানে সংগঠনের ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে জুনেদ আহমেদ সভাপতি এবং সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে লিখিত বক্তব্য পড়ে শোনান সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। 

সংগঠনের লক্ষ্য তুলে ধরে সভাপতি জুনেদ আহমেদ বলেন, “ফ্রান্সে প্রতিষ্ঠিত বাংলাদেশি ব্যবসায়ীরা দেশের অর্থনীতিতে আরও কার্যকর ভূমিকা রাখতে আগ্রহী। বিশেষ করে শিল্প ও উৎপাদন খাতে নতুন বিনিয়োগের মাধ্যমে আমরা বৃহৎ আকারে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই।” 

তিনি আরও জানান, বাংলাদেশে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু করার ক্ষেত্রেও প্রবাসী উদ্যোক্তারা ইতিবাচক ভূমিকা রাখার পরিকল্পনা করছেন।

ফোরামের নেতারা জানান, ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি উদ্যোক্তাদের অভিজ্ঞতা, আন্তর্জাতিক নেটওয়ার্ক ও দক্ষতাকে কাজে লাগিয়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। এছাড়া নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, ব্যবসায়িক পরামর্শ ও নেটওয়ার্কিং কার্যক্রম পরিচালনার ঘোষণাও দেন তারা।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের শীর্ষ নেতারা। আবাসন, জ্বালানি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ জামাল, মোহাম্মদ কামরুল, আলতাফুর রহমান, ফয়সাল আহমদ, আব্দুল মুকিত, জিসাদ রহমান, ফারুক আহমেদ, সফিক উল্লাহ স্বপন ও ফারুক হোসেন।