২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোমে ছুরিকাঘাতে প্রাণ গেল বাংলাদেশির

নিহত নাহিদ প্রায় ১৮ বছর ধরে পরিবার নিয়ে ইতালিতে বসবাস করছিলেন।

রোমে ছুরিকাঘাতে প্রাণ গেল বাংলাদেশির
নিহত নাহিদ মিয়া (৩৫)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাইফুল ইসলাম, ইতালি প্রতিনিধি

Published : 29 May 2025, 12:24 AM

Updated : 01 Sep 2026, 11:48 AM

ইতালির রাজধানী রোমে ছুরিকাঘাতে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।

নিহত নাহিদ মিয়ার (৩৫) বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুরের বেতুয়া গ্রামে।

স্থানীয় সময় মঙ্গলবার রোমের নিকটবর্তী মারিনো দি আরদেয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির সাবেক সাধারণ সম্পাদক এম কে রহমান লিটন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন নাহিদ তার পেট্রোল পাম্পের কাজ করছিলেন। এসময় মোটরসাইকেলে করে এক যুবক এসে পাম্পে হামলা চালায় ও টাকা লুট করার চেষ্টা করে। নাহিদ বাধা দিলে ওই যুবক তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

পরে স্থানীয়রা জরুরি সেবায় ফোন করে চিকিৎসক ডেকে আনলেও নাহিদকে বাঁচানো যায়নি।

এ ঘটনায় স্থানীয় ক্যারাবিয়ান পুলিশ আসামিকে শনাক্ত করতে ওই এলাকার প্রতিটি সিসি ক্যামেরা পর্যবেক্ষণ ও শহরে তল্লাশি শুরু করেছে।

রোমের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী বলেন, “আমরা নিহতের ভাই ও লোকাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। নিয়ম মেনে যে কোন ধরনের সহায়তা দিতে আমরা প্রস্তুত।”

নিহত নাহিদ প্রায় ১৮ বছর ধরে পরিবার নিয়ে ইতালিতে বসবাস করছিলেন। এখানে তার স্ত্রী, ৫ বছর বয়সী এক ছেলে এবং ৭ মাস বয়সী একটা মেয়ে রয়েছে।