২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের বর্ণাঢ্য বৈশাখী উৎসব

গানের ছন্দ ও নূপুরের ঝংকারে অনুষ্ঠান প্রাঙ্গণে সাংস্কৃতিক আবহ তৈরি হয়।

বিডিনিউজ২৪

আমিনুল হক খোকন, দুবাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 06:11 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

ঐতিহ্যের ছোঁয়া ও সর্বজনীন অংশগ্রহণের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। 

প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা এবং নতুন প্রজন্মের কাছে বাঙালির শেকড়ের পরিচয় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই বৈশাখী উৎসবের আয়োজন করা হয়।

রোববার শারজাহর নূর আল হেলাল রেস্টুরেন্টের হলরুমে ‘প্রবাসী সনাতনী ঐক্য পরিষদ’-এর উদ্যোগে এই উৎসব সম্পন্ন হয়। 

স্নিগ্ধা সরকার তিথি ও রাজীব সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি উৎসবকে এক ভিন্ন মাত্রা দান করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর আশীষ কুমার সরকার। 

তিনি প্রবাসে বাংলা সংস্কৃতির চর্চাকে আরও সমৃদ্ধ ও বেগবান করার আহ্বান জানান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বিশ্বনাথ দে।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অজিত রায়, সাধারণ সম্পাদক উত্তম সরকার এবং অর্থ সম্পাদক কার্তিক সাহা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। 

বক্তারা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

সাংস্কৃতিক পর্বের শুরুতে শিল্পীদের সম্মিলিত কণ্ঠে পরিবেশিত হয় বৈশাখের চিরচেনা গান ‘এসো হে বৈশাখ’। ধারাবাহিকভাবে ‘আনন্দলোকে মঙ্গলালোকে’, ‘নববর্ষের প্রথম প্রভাতে’ এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী মেলার গানের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।

বিশেষ করে মিতা হাইতের পরিচালনায় শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। গানের ছন্দ ও নূপুরের ঝংকারে অনুষ্ঠান প্রাঙ্গণে সাংস্কৃতিক আবহ তৈরি হয়। 

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক শিমুল নাথ এবং মিডিয়া সেক্রেটারি সঞ্জয় সরকার।

উৎসবের সমাপ্তি ঘটে বাঙালির ঐতিহ্যবাহী রসনা বিলাসের মাধ্যমে। সরিষা ইলিশ ও হরেক রকমের ভর্তাসহ বৈচিত্র্যময় দেশীয় খাবারের আয়োজনে অংশ নিয়ে প্রবাসীরা এক টুকরো বাংলাদেশকেই যেন খুঁজে পান মরুভূমির বুকে।